নাটোরের সিংড়ায় ধান কাটার সময় খাবার ও পানি গ্রহণের পর আটজন শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রাথমিকভাবে ঘটনাটিকে খাবারে বিষক্রিয়ার (ফুড পয়জনিং) বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের গাড়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চলনবিল এলাকায় ধান কাটার কাজে নিয়োজিত শ্রমিকরা দুপুরের বিরতিতে জমির মালিকের দেওয়া চাল ও পানি পান করেন। এরপর কিছুক্ষণ পরই তাদের মধ্যে একে একে অসুস্থতার লক্ষণ দেখা দেয়। তারা বমি, মাথা ঘোরা ও দুর্বলতায় আক্রান্ত হন।
অসুস্থ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন শ্রমিকরা হলেন—মো. আনোয়ার (৩০), মো. আজাদ (৪০), মো. রমিজুল (৩৮), মো. ইয়াসিন (২৫), মো. ইউসুফ (২৬), মো. হাসেম (৪০), মো. মনির (২৫) এবং আবু বক্কর ছিদ্দিক (২৬)। তাদের সবাই একই গ্রামের বাসিন্দা।
একজন আহত শ্রমিক আবু বক্কর ছিদ্দিক জানান, কাজের সময় পিপাসা লাগলে জমির মালিকের দেওয়া চাল ও পানি খাওয়ার কিছুক্ষণ পরই তারা অসুস্থ হয়ে পড়েন।
সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে তাদের চিকিৎসা চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি খাবারে বিষক্রিয়ার মতো মনে হচ্ছে। তবে রোগীরা বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।
এদিকে ঘটনার বিষয়ে জমির মালিক আব্বাস আলীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কীভাবে খাবারে বিষাক্ত কিছু মিশেছে তা খতিয়ে দেখা হবে বলে তিনি জানান।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয় প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে দেখছে বলে জানা গেছে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়