ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়ের পরও মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে অনীহা দেখিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তাঁর প্রোফাইল বায়ো পরিবর্তন ঘিরে নতুন রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।
শনিবার (৯ মে) সকালে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স প্রোফাইলের বায়ো আপডেট করেন। নতুন বায়োতে লেখা হয়েছে— “প্রতিষ্ঠাতা চেয়ারপারসন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (১৫তম, ১৬তম ও ১৭তম বিধানসভা)।”
এর আগে তাঁর বায়োতে ছিল— “প্রতিষ্ঠাতা চেয়ারপারসন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। সম্মানিত মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পরিবর্তন থেকে ধারণা করা হচ্ছে যে, মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ক্ষমতা হারানোর বাস্তবতা মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।
উল্লেখযোগ্যভাবে, বায়ো পরিবর্তনের ঘটনাটি ঘটে ঠিক সেই দিন, যেদিন বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নেন।
গত মাসের নির্বাচনে শুভেন্দু অধিকারী ভবানীপুর আসনে মমতা বন্দ্যোপাধ্যায়-কে পরাজিত করেন। ২৯৪ সদস্যের বিধানসভায় বিজেপি ২০৭টি আসনে জয় পেয়ে সরকার গঠন করে। অন্যদিকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পায় ৮০টি আসন।
নির্বাচনের ফল ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, এই ফল জনগণের প্রকৃত রায় নয়, বরং একটি ষড়যন্ত্রের ফল। তাঁর দাবি, ভোট গণনায় বড় ধরনের অনিয়ম হয়েছে এবং প্রায় ১০০টি আসন “ছিনতাই” করা হয়েছে।
তিনি সাংবাদিকদের বলেন, “আমি কেন পদত্যাগ করব? আমরা হারিনি। জনগণের রায় ছিনতাই করা হয়েছে।”
অন্যদিকে বিজেপি মমতার এই অবস্থানকে “গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থী” এবং “নৈরাজ্যকর” বলে মন্তব্য করেছে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়