1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

যে বিদ্যালয়ে ৯১ বছরেও নেই খেলার মাঠ

সানু, লক্ষ্মীপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৮ নম্বর চর কাদিরা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কে. এম সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৯১ বছরের দীর্ঘ পথচলায় প্রতিষ্ঠানটি এলাকায় শিক্ষার আলো ছড়ালেও এখনো সেখানে গড়ে ওঠেনি কোনো স্থায়ী খেলার মাঠ। ফলে বিদ্যালয়ের চার থেকে পাঁচ শতাধিক শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিকাশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৩৫ সালে জনবহুল ফজুমিয়ার হাটসংলগ্ন এলাকায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত কয়েক শতাধিক শিক্ষার্থী এখানে পড়াশোনা করছে। কিন্তু প্রতিষ্ঠার এত বছর পরও নিজস্ব খেলার মাঠ না থাকায় শিক্ষার্থীদের খেলাধুলার জন্য যেতে হয় দূরবর্তী ভুলুয়া নদীর তীরে। এতে সময়ের অপচয়ের পাশাপাশি শিশুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগে থাকেন অভিভাবকরা।

এলাকাবাসীর দাবি, বিদ্যালয়ের সামনে অবস্থিত খাস খতিয়ানভুক্ত একটি পরিত্যক্ত জলাশয়ই হতে পারে এই সমস্যার সমাধান। জানা গেছে, ১ নম্বর খাস খতিয়ানের ৭৩৪২ দাগে প্রায় ৬৩ শতাংশ জমি দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে আছে। এই জমিটি বিদ্যালয়ের নামে বরাদ্দ দিয়ে ভরাট করা হলে সহজেই একটি আদর্শ খেলার মাঠ নির্মাণ সম্ভব।

এ দাবিতে সম্প্রতি স্থানীয় বাসিন্দারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা Ismail Jobilah-এর কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন। তারা দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জিয়াউল হক বলেন, একটি খেলার মাঠ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত জরুরি। মাঠের অভাবে বিদ্যালয়ে গোল্ড কাপ টুর্নামেন্ট, আন্তঃক্রীড়া প্রতিযোগিতা কিংবা জাতীয় পর্যায়ের কোনো ইভেন্ট আয়োজন করা সম্ভব হচ্ছে না। ইতোমধ্যে খাসজমি বরাদ্দের জন্য সংশ্লিষ্ট দফতরে আবেদন করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে স্থানীয় অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। মোখলেছুর রহমান ধনু, মিজানুর রহমান সোহেল ও মাহফুজুর রহমানসহ অনেকেই বলেন, পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও শুধুমাত্র প্রশাসনিক জটিলতার কারণে শিক্ষার্থীরা বছরের পর বছর খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। দ্রুত জলাশয়টি ভরাট করে একটি নিরাপদ খেলার মাঠ নির্মাণে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সচেতন মহলের মতে, ৯১ বছরের প্রাচীন এই শিক্ষাপ্রতিষ্ঠানে একটি খেলার মাঠ এখন সময়ের দাবি। শিক্ষার্থীদের সুস্থ বিকাশ নিশ্চিত করতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!