মাগুরা সদর উপজেলার শত্রুজিতপুর বাজারে নিম্নমানের গোখাদ্য ও ভূষি জালিয়াতির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৫ এপ্রিল, ২০২৬) দুপুরে পরিচালিত অভিযানে ‘মেসার্স অরিন রাইচ মিল’ নামের প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি বিভিন্ন স্থান থেকে নিম্নমানের গোখাদ্য ও ভূষি সংগ্রহ করে নিজস্ব গোডাউনে প্যাকেটজাত করছিল। পরে এসব পণ্যের বস্তায় গাজীপুরের ‘গোল্ডেন ফুড প্রোডাক্টস’-এর নাম এবং বিএসটিআইয়ের লোগো অবৈধভাবে ব্যবহার করা হচ্ছিল, যা ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল।
তদারকির সময় আরও দেখা যায়, প্রতিষ্ঠানটি মোড়কীকরণ আইন লঙ্ঘন করছে। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ও নষ্ট পণ্য ভালো পণ্যের সঙ্গে মিশিয়ে বাজারে সরবরাহ করা হচ্ছিল।
এসব অপরাধের কারণে প্রতিষ্ঠানের মালিক দীপ্ত সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। তিনি বলেন, নকল ও নিম্নমানের পণ্য বাজারজাত করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে জেলা মার্কেটিং অফিসার মো. আলমগীর হোসেন এবং মাগুরা জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে। পরে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়।