কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ৭ জনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি। তিনি নিজের ব্যক্তিগত তহবিল থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান করেছেন।
জানা গেছে, নিহতদের মধ্যে দিনাজপুর-৬ আসনের বিরামপুর উপজেলার ভাইগড় গ্রামের ৪ জন এবং নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামের ৩ জন রয়েছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে মন্ত্রীর পক্ষে তার ছোট ভাই ও জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মনজুর এলাহী চৌধুরী রুবেল, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জোতবানি ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এবং যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট শিরন আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ নিহতদের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এ সময় তারা পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন।
বুধবার (১৫ এপ্রিল) সকালে বিরামপুর উপজেলার ভাইগড় গ্রাম ও নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামে নিহতদের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
স্থানীয়রা জানান, হঠাৎ এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারগুলোতে চলছে আহাজারি, আর প্রিয়জন হারানোর বেদনায় তারা বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়