ভারতের পশ্চিমবঙ্গে পশু জবাই সংক্রান্ত নতুন কড়াকড়ি বিধিনিষেধ জারি করা হয়েছে বলে একটি সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে রাজ্যজুড়ে পশু জবাই ব্যবস্থায় কঠোর নিয়ম কার্যকর করার কথা বলা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, গরুসহ সব ধরনের গবাদি পশু প্রকাশ্যে জবাই করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। শুধু অনুমোদিত স্থানেই পশু জবাই করা যাবে।
পশু জবাইয়ের জন্য স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি এবং সরকারি পশু চিকিৎসকের দেওয়া ফিটনেস সনদ বাধ্যতামূলক করা হয়েছে। সনদ ছাড়া কোনো গরু, ষাঁড়, মহিষ বা অন্যান্য গবাদি পশু জবাই করা যাবে না।
নিয়ম অনুযায়ী, পশুর বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় জবাইয়ের অনুমতি দেওয়া হবে। সাধারণভাবে ১৪ বছরের বেশি বয়সী এবং প্রজনন বা কাজের অনুপযোগী পশু বা গুরুতর অসুস্থ ও অক্ষম পশু জবাইয়ের জন্য বিবেচিত হবে।
নতুন বিধিনিষেধে বলা হয়েছে, পশু জবাই কেবল পৌরসভার কসাইখানা বা নির্ধারিত স্থানে করা যাবে। জনসমাগমপূর্ণ স্থান বা খোলা জায়গায় জবাই করলে তা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
আইন অমান্য করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে এসব অপরাধকে আমলযোগ্য হিসেবে গণ্য করা হবে।
স্থানীয় প্রশাসন, পৌরসভা ও অনুমোদিত কর্মকর্তারা এসব বিধিনিষেধ বাস্তবায়নে তদারকি করতে পারবেন এবং পরিদর্শনে বাধা দিলে সেটিও আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়