ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে অনিশ্চয়তা ও জ্বালানি সংকটের আশঙ্কার মধ্যে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি-তে নতুন সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সরকারি দফতরগুলোতে সপ্তাহে দুই দিন ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালুর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার (১৪ মে) দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এই সংক্রান্ত একগুচ্ছ নির্দেশনা জারি করেন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৫ মে) থেকেই নতুন নিয়ম কার্যকর হওয়ার কথা রয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ও পৌরসভা অফিসে অন্তত ৫০ শতাংশ বৈঠক অনলাইনে করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অফিস সময়সূচিতেও বড় পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে।
জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে কারপুলিং বা গণপরিবহন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। সাধারণ নাগরিকদের সম্পৃক্ত করতে সচেতনতামূলক কার্যক্রমও হাতে নেওয়া হয়েছে।
পরিবহন ব্যবস্থায় পরিবর্তন আনতে দিল্লিতে ‘মেট্রো ডে’ এবং সপ্তাহে একদিন ‘নো কার ডে’ পালনের ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে ২৯টি সরকারি কলোনি থেকে ৫৮টি বিশেষ বাস চালুর পরিকল্পনাও নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানোর পরই এই উদ্যোগ নেয় দিল্লি প্রশাসন।
কর্তৃপক্ষের মতে, এসব পদক্ষেপে ব্যক্তিগত যানবাহনের চাপ কমবে, ট্রাফিক জ্যাম হ্রাস পাবে এবং রাষ্ট্রীয় ব্যয় সাশ্রয় হবে। সফল হলে ভবিষ্যতে ভারতের অন্যান্য রাজ্যেও একই ধরনের মডেল চালু করা হতে পারে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়