পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় উত্তরপ্রদেশের আদলে শুরু হয়েছে আলোচিত ‘বুলডোজার অভিযান’। বুধবার (১৩ মে) কলকাতার তপসিয়ার তিলজলা এলাকায় একটি চামড়ার কারখানা বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় বলে জানা গেছে।
কলকাতার স্থানীয় প্রশাসনের নির্দেশে চালানো এ অভিযানে কয়েক ঘণ্টার মধ্যেই ঘটনাস্থলে জেসিবি পৌঁছে অবৈধভাবে নির্মিত বহুতল ভবন ভাঙার কাজ শুরু করে।
প্রতিবেদনে বলা হয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন অবৈধ নির্মাণের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় এমন স্থাপনা চিহ্নিত করতে সংশ্লিষ্টদের নির্দেশও দেওয়া হয়েছে।
তিলজলা ছাড়াও কসবা, মোমিনপুর ও একবালপুর এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ ভবনের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার কথাও জানানো হয়েছে।
এই অভিযানের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি একে ‘অসাংবিধানিক’ বলে মন্তব্য করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
এদিকে রাজনৈতিক অঙ্গনে ভিন্ন চিত্র দেখা গেছে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি-কে ঘিরে। তিনি বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে আইনজীবীর পোশাকে হাজির হন এবং ভোট-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে মামলা করেন।
মামলায় দাবি করা হয়, বিধানসভা নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন এলাকায় দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়েছে এবং বহু কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ পরিস্থিতিতে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একদিকে অবৈধ নির্মাণ উচ্ছেদ অভিযান, অন্যদিকে আদালতে বিরোধী রাজনৈতিক লড়াই—সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন উত্তাপ ও সমীকরণ তৈরি হয়েছে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়