পরীক্ষাকেন্দ্রের পুরোনো ভবনের বারান্দার ধুলোমাখা জানালার কাচের সরু ফাঁক দিয়ে নিবিষ্ট দৃষ্টিতে ভেতরের দিকে তাকিয়ে আছেন এক ব্যক্তি। এক হাত পেছনে রাখা, চোখে চশমা, কানে এয়ারপড—প্রথম দেখায় যাকে সাধারণ দর্শনার্থী মনে হতে পারে, তিনি আসলে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
প্রথাগত প্রটোকল ভেঙে মন্ত্রীর এমন ব্যতিক্রমী পরিদর্শনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকালে এনটিআরসিএর অধীনে সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা চলাকালে রাজধানীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যান মন্ত্রী। এ সময় প্রচলিত আড়ম্বরপূর্ণ প্রটোকল এড়িয়ে তিনি নীরবে কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করেন।
মন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে দেখা যায়, তিনি পরীক্ষাকেন্দ্রের একটি হলের বাইরে নিঃশব্দে দাঁড়িয়ে জানালার ফাঁক দিয়ে ভেতরের পরিবেশ পর্যবেক্ষণ করছেন। ভেতরে পরীক্ষার্থীরা গভীর মনোযোগে পরীক্ষায় অংশ নিচ্ছেন।
এ সময় তিনি যেন বাইরে থেকেই পরীক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও স্বচ্ছতা নিবিড়ভাবে যাচাই করছিলেন বলে সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন।
দিনের শুরুতে সকাল ৯টায় পরীক্ষা শুরু হওয়ার পর ড. এহছানুল হক মিলন রাজধানীর একাধিক কেন্দ্র পরিদর্শন করেন। এর মধ্যে রয়েছে সরকারি বাংলা কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এবং তেজগাঁও কলেজ।
পরিদর্শন শেষে তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে কেন্দ্র সচিবদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্টভাবে জানান, শিক্ষক নিয়োগ পরীক্ষা যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়। এ বিষয়ে তিনি কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেন।
পরিদর্শনকালে শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সকাল ৯টা থেকে চার ধাপে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ‘ক’ গ্রুপের পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি পরীক্ষাগুলো হলো—‘খ’ গ্রুপ বেলা ১১টা ৩০ থেকে ১২টা ৩০, ‘গ’ গ্রুপ দুপুর ২টা থেকে ৩টা এবং ‘ঘ’ গ্রুপ বিকেল ৪টা ৩০ থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত।
ঢাকার মোট ৯টি কেন্দ্রে এমসিকিউ পদ্ধতিতে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষার্থীদের প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী কঠোর নিরাপত্তা ও শৃঙ্খলার মধ্য দিয়ে পরীক্ষা আয়োজন করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়