1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

হাওড় ট্রাজেডিঃ বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

লিয়াকত, রিপোর্টার, সিলেট
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

সুনামগঞ্জের চারটি উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় পাঁচ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলায় এসব ঘটনা ঘটে। হঠাৎ ঝড়-বৃষ্টির মধ্যে হাওরে ধান কাটতে গিয়ে তারা বজ্রপাতে প্রাণ হারান বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

নিহতরা হলেন—ধর্মপাশা উপজেলার হাবিবুর রহমান (৩০) ও রহমত উল্লা (১৫), জামালগঞ্জ উপজেলার নাজমুল হোসেন (২৬), তাহিরপুর উপজেলার আবুল কালাম (২৫) এবং দিরাই উপজেলার লিটন মিয়া (৩০)।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, দুপুরের দিকে আকস্মিকভাবে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় বিভিন্ন হাওরে ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন কৃষকরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই বজ্রপাতের ঘটনা ঘটে এবং একাধিক স্থানে হতাহতের ঘটনা ঘটে।

তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে ধান কাটার সময় বজ্রপাতে গুরুতর আহত হন আবুল কালাম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামালগঞ্জ উপজেলার পাগনার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে নাজমুল হোসেন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী।

ধর্মপাশা উপজেলার টগার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে আহত হন হাবিবুর রহমান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই সময়ে উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামে বাড়ির পাশে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে মারা যান রহমত উল্লা।

ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা জানান, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, দিরাই উপজেলার বরাম হাওরে ধান কাটার সময় বজ্রপাতে লিটন মিয়ার মৃত্যু হয়। দিরাই থানার ওসি এনামুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

স্থানীয়রা জানান, হাওর অঞ্চলে ধান কাটার মৌসুম চলায় প্রতিদিনই কৃষকরা মাঠে কাজ করছেন। তবে হঠাৎ আবহাওয়ার পরিবর্তন ও বজ্রপাতের ঝুঁকি থাকায় এমন দুর্ঘটনা ঘটছে। সংশ্লিষ্টরা কৃষকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, বিশেষ করে ঝড়-বৃষ্টির সময় খোলা জায়গায় কাজ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একদিনে একাধিক প্রাণহানির ঘটনায় আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!