রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বেড়িবাঁধে একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনায় আবুল হোসেন (৫২) ও মো. বাশার (৪০) নামে দুইজন দগ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির এসির গ্যাস লিকেজ থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর সোয়া দুইটার দিকে দগ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এর বার্ন ইউনিটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহতদের স্বজনদের বরাতে জানা গেছে, আবুল হোসেনের বাড়ি কেন্দুয়া উপজেলার ধলপা গ্রামে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে রাজধানীর শ্যামলীর আদাবর এলাকায় বসবাস করেন। তার বাবার নাম মৃত তারা মিয়া। অপর আহত মো. বাশারের বাড়ি হবিগঞ্জ জেলায়, বর্তমানে তিনি ঢাকার পল্লবীতে বসবাস করছেন।
পেশাগতভাবে আবুল হোসেন একজন গাড়িচালক এবং বাশার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বলে জানা গেছে।
আহত আবুল হোসেনের স্ত্রী জেসমিন জানান, মাইক্রোবাসটি নিয়ে মোহাম্মদপুর বেড়িবাঁধ পার হওয়ার সময় এসির গ্যাস লিকেজ ছিল, যা তারা বুঝতে পারেননি। পরবর্তীতে সিগারেট ধরানোর সময় হঠাৎ আগুন ধরে যায় এবং দুর্ঘটনাটি ঘটে।
দগ্ধদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাদের চিকিৎসা শুরু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. মো. হারুনুর রশিদ। তিনি জানান, আবুল হোসেনের শরীরের প্রায় ১২ শতাংশ দগ্ধ হয়েছে এবং অপরজন তুলনামূলক কম আহত হয়েছেন। বর্তমানে তাদের জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা হিসেবে দেখা হলেও বিষয়টি নিয়ে প্রয়োজনীয় তদন্ত করা হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়