রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশুমৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। সর্বশেষ বৃহস্পতিবার (৯ এপ্রিল) গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে।
হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, একই সময়ে নতুন করে ২৭ জন রোগী ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ২৪ জন। বর্তমানে ১৩২ জন রোগী এ ধরনের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছরে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৯ জনে।
গত এক সপ্তাহেও প্রতিদিনই শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে—বৃহস্পতিবার ৪ জন, বুধবার ৩ জন, মঙ্গলবার ১ জন, সোমবার ২ জন, রোববার ২ জন, শনিবার ৩ জন এবং শুক্রবার ১ জনের মৃত্যু হয়েছে।
চিকিৎসকদের মতে, আক্রান্তদের বেশিরভাগই শিশু, যারা বেশি ঝুঁকিতে রয়েছে। জ্বর, ফুসকুড়ি, কাশি ও চোখ লাল হওয়া—এ ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দেরি হলে জটিলতা ও মৃত্যুঝুঁকি বাড়তে পারে।
বিশেষজ্ঞরা সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার, আক্রান্তদের পৃথক রাখা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও গুরুতর হতে পারে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহারযোগ্য নহে