
আখ চাষ ও ফলন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আখচাষিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
‘চাষির পদধূলি জমির উত্তম সার’ প্রতিপাদ্যে মোবারকগঞ্জ সুগার মিলস লিমিটেডের উদ্যোগে সোমবার বেলা ১১টায় এ কর্মশালার আয়োজন করা হয়। ‘আধুনিক কলাকৌশল প্রয়োগে আখের একরপ্রতি ফলন বৃদ্ধি’ শীর্ষক প্রশিক্ষণে বিভিন্ন এলাকার তালিকাভুক্ত আখচাষিরা অংশ নেন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মোবারকগঞ্জ সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ.ন.ম. জোবায়ের।
মিলের মহাব্যবস্থাপক (কৃষি) কৃষিবিদ গৌতম কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপমহাব্যবস্থাপক (সম্প্রসারণ ও ঋণ) কৃষিবিদ ইমরুল হাসান, উপমহাব্যবস্থাপক (এসআই অ্যান্ড এগ্রো) কৃষিবিদ কানিজ ফাতেমা, ব্যবস্থাপক (ইক্ষু সংগ্রহ) মো. রবিউল আলম এবং শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ।
কর্মশালায় আখ চাষের আধুনিক কলাকৌশল প্রয়োগের মাধ্যমে একরপ্রতি ফলন বাড়ানোর বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে আখচাষিদের পাশাপাশি মোবারকগঞ্জ সুগার মিলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন।