
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে হামলা চালাতে পারে—এমন আশঙ্কার মধ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আলি আব্দুল্লাহি। তিনি বলেছেন, নতুন কোনো হামলা হলে তার জবাব হবে ‘অভাবনীয়’। এ পাল্টা জবাবের কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা থাকবে না। নতুন যুদ্ধের সমাপ্তি কখন হবে, তা ইরানই নির্ধারণ করবে।
শনিবার (৩১ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে আলি আব্দুল্লাহি বলেন, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নির্দেশনা অনুযায়ী ইরানের সশস্ত্র বাহিনী কাজ করছে। শত্রুপক্ষের হামলার জবাব দেওয়ার জন্য তাদের হাতে একাধিক সামরিক বিকল্প রয়েছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অভাবনীয় জবাবের মুখোমুখি হবে। নতুন কোনো সংঘাত শুরু হলে কখন তার সমাপ্তি ঘটবে, তা ইরানই নির্ধারণ করবে।
মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে যে হামলার প্রস্তুতি নিচ্ছে, তা স্বল্পস্থায়ী হলেও অত্যন্ত তীব্র হতে পারে। এ প্রসঙ্গে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানের বক্তব্যকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তাঁর হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্র সীমিত হামলা চালিয়ে থেমে যাবে—এমনটি হবে না। ইরানের ওপর আবার হামলা হলে তারা নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী পাল্টা আক্রমণ চালিয়ে যাবে।
আলি আব্দুল্লাহি আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জন্য অপেক্ষা করবে না ইরান। শত্রুপক্ষের কোনো শত্রুতাপূর্ণ তৎপরতার ইঙ্গিত পাওয়া গেলেই সম্ভাব্য হামলার সময় ও ধরন নির্ধারণ করবে তেহরান।
তিনি বলেন, ইরানের পর্যবেক্ষকরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক গতিবিধির ওপর সার্বক্ষণিক নজর রাখছেন। এসব তথ্যের ভিত্তিতে সম্ভাব্য লক্ষ্যবস্তু নির্ধারণ করা হচ্ছে।
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আরও বলেন, জল, স্থল কিংবা আকাশ—যে পথেই হামলা আসুক না কেন, শেষ নিশ্বাস পর্যন্ত তা প্রতিহত করবে ইরান।
সূত্র: আলজাজিরা