
পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান বিক্ষোভের সার্বিক পরিস্থিতির ওপর ভারত কড়া নজর রাখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
মঙ্গলবার (৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাক্ষিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের অভ্যন্তরীণ অসন্তোষ ও সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখার বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরেন জয়সওয়াল।
তিনি বলেন, বাংলাদেশের পরিস্থিতি ও সেখানে ঘটে চলা বিভিন্ন ঘটনা ভারত পর্যবেক্ষণ করছে। ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে নয়াদিল্লি ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী।
সংবাদ সম্মেলনে গঙ্গা পানি চুক্তিসহ দুই দেশের অভিন্ন নদী ব্যবস্থাপনার বিষয়েও প্রশ্ন করা হয়। জবাবে জয়সওয়াল জানান, আন্তঃসীমান্ত নদী নিয়ে যেকোনো আলোচনা নির্ধারিত দ্বিপক্ষীয় কাঠামোর মধ্যেই পরিচালিত হবে।
তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে যৌথ নদী কমিশন রয়েছে। গঙ্গাসহ সব আন্তঃসীমান্ত নদীর বিষয়ে আলোচনার জন্য এটিই আনুষ্ঠানিক ও কাঠামোবদ্ধ মাধ্যম।
এ ছাড়া ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আসন্ন উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগের বিষয়ে মুখপাত্র জানান, বাংলাদেশের নেতৃত্বের জন্য ভারতের পক্ষ থেকে স্থায়ী আমন্ত্রণ রয়েছে।
জয়সওয়াল বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ইতোমধ্যে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে নতুন কোনো অগ্রগতি হলে তা জানানো হবে।