দীর্ঘদিনের গুঞ্জন অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মন্দানার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে যাচ্ছে আগামীকাল সোমবার। রাজস্থানের উদয়পুরের একটি ঐতিহ্যবাহী প্রাসাদে এই তারকা জুটির বিয়ে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
বহুদিন ধরেই বিজয় ও রাশমিকার প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা চললেও তারা কখনোই প্রকাশ্যে বিষয়টি স্বীকার করেননি। তবে সাম্প্রতিক সময়ে তাদের বিয়ে নিয়ে বিনোদন অঙ্গনে ব্যাপক জল্পনা শুরু হয়। সেই জল্পনাকে আরও জোরালো করে তুলেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, উদয়পুরের একটি রাজকীয় প্রাসাদে বিয়ের জমকালো প্রস্তুতি চলছে। লাল ভেলভেট কাপড়, রঙিন ফুল এবং নান্দনিক কারুকার্য করা পিতলের সামগ্রী দিয়ে সাজানো হয়েছে বিয়ের আসর। ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের এক সদস্যের ধারণ করা ভিডিওতে বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতির দৃশ্যও ধরা পড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রোববার (১ ফেব্রুয়ারি) থেকেই বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এদিন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে মেহেদি, সংগীত ও ককটেল পার্টির আয়োজন করা হয়। সোমবার মূল বিয়ের অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন জীবন শুরু করবেন পর্দার এই জনপ্রিয় তারকা জুটি।







