দক্ষিণী সুপারস্টার ধানুশ ও বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। এবার সেই গুঞ্জন আরও জোরালো হয়েছে। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই আলোচিত তারকা যুগল—এমন খবরে সরগরম নেটদুনিয়া।
ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি ধানুশ ও ম্রুণাল ঠাকুরের বিয়ে হতে পারে। সম্ভাব্য ভেন্যু হিসেবে রাজস্থানের রাজকীয় শহর উদয়পুরের একটি বিলাসবহুল প্রাসাদের নাম শোনা যাচ্ছে। সেখানে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
জানা গেছে, জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে ব্যক্তিগত পরিসরেই বিয়ের অনুষ্ঠান করতে চান এই তারকা জুটি। বিয়েতে দুই পরিবারের সদস্য এবং অল্পসংখ্যক ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিত থাকার কথা রয়েছে।
তবে সম্পর্ক কিংবা বিয়ে নিয়ে এখন পর্যন্ত ধানুশ বা ম্রুণাল—কেউই আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি। বরাবরই তারা নিজেদের ভালো বন্ধু হিসেবে পরিচয় দিয়ে এসেছেন। যদিও সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরের প্রতি উষ্ণ আচরণ ভক্তদের কৌতূহল আরও বাড়িয়েছে।
নেটিজেনদের একাংশের ধারণা, দীর্ঘ নীরবতার আড়ালেই বড় কোনো চমকের প্রস্তুতি নিচ্ছেন এই তারকারা।
প্রসঙ্গত, ধানুশের এটি হতে পারে দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি সুপারস্টার রজনীকান্তের কন্যা ঐশ্বরিয়ার সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। ধানুশের দুটি পুত্র রয়েছে। অন্যদিকে, ক্যারিয়ারের সেরা সময়ে থাকা ম্রুণাল ঠাকুরের সঙ্গে ধানুশের বয়সের পার্থক্য নিয়েও আলোচনা চলছে।
সব জল্পনা-কল্পনার মাঝেই এখন ভক্তদের প্রশ্ন—সব গুঞ্জন কি সত্যি হবে? সেই উত্তরের জন্য আপাতত সময়ের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়