কলকাতার জনপ্রিয় নায়ক ও সাংসদ দেবের নামে বিশেষ ডাকটিকেট চালু করেছে ভারতীয় ডাক বিভাগ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই সেই ডাকটিকেটের ছবি প্রকাশ করেন দেব।
প্রকাশিত ছবিতে দেখা যায়, একটি ট্রেনের ইঞ্জিনের পটভূমিতে উজ্জ্বলভাবে ফুটে উঠেছে দেবের মুখচ্ছবি। এই ব্যতিক্রমী সম্মানে অভিভূত হয়ে ভারতীয় ডাক বিভাগকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা-সাংসদ।
দেব বলেন,
‘আমি ভীষণভাবে সম্মানিত ও অভিভূত। আমার নামে ডাকটিকেট প্রকাশিত হবে—এটা কখনোই কল্পনায় ছিল না। ইন্ডিয়া পোস্টকে আন্তরিক ধন্যবাদ।’
তিনি আরও বলেন,
‘এমন সম্মানের যোগ্য হিসেবে বিবেচিত হওয়াটাই আমার কাছে পরম প্রাপ্তি। একজন মানুষ হিসেবে মানুষের ভালোবাসা ও বিশ্বাসের এই স্বীকৃতি আমি আজীবন মনে রাখব।’
জানা গেছে, শুক্রবার নিজের সংসদীয় এলাকা ঘাটালে একটি মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রথমবারের মতো এই বিশেষ ডাকটিকেট প্রকাশ্যে আনেন দেব। ডাকটিকেট উন্মোচনের খবর ছড়িয়ে পড়তেই ঘাটালজুড়ে সৃষ্টি হয় উচ্ছ্বাস। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দেবের ভক্তরাও এই সম্মানে আনন্দ প্রকাশ করেন।
দেবের দীর্ঘদিনের জনপ্রিয়তা এবং অভিনয় ও সামাজিক কর্মকাণ্ডে তার অবদানের স্বীকৃতি হিসেবেই ভারতীয় ডাক বিভাগের এই উদ্যোগকে দেখা হচ্ছে। ইতোমধ্যে ভক্তদের মধ্যে ডাকটিকেটটি সংগ্রহ করার আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়