থার্টি ফার্স্ট নাইটে মোটররেসিং করলে সংশ্লিষ্টদের গাড়ি জব্দ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ডিএমপির এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন ও ইংরেজি বর্ষবিদায় উপলক্ষে ডিএমপি সদর দপ্তরে আয়োজিত সভায় জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, নিরাপত্তা ব্যবস্থার কারণে যেন সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। বড়দিন যেন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়, সে জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, ঢাকা মহানগরীর ৭৩টি গির্জায় বড়দিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। যেকোনো গুজব ও অপপ্রচার রোধে সাইবার পেট্রলিং জোরদার করার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ মোটররেসিং করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার জানান, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে যেকোনো অনুষ্ঠানের জন্য পূর্বানুমতি নিতে হবে। পাশাপাশি পটকা ও বিস্ফোরক ক্রয়-বিক্রয় বন্ধ রাখা হবে। এ ছাড়া আতশবাজি ও ফানুস ওড়ানো থেকেও বিরত থাকার আহ্বান জানিয়েছে ডিএমপি।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়