পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। প্রচারণার মঞ্চ থেকে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী।
শনিবার (১৬ মে) ফলতায় আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি বলেন, যারা বাংলাদেশের ‘জয় বাংলা’ স্লোগান ব্যবহার করছেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সভায় বক্তব্যে তিনি বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তোলেন। তার দাবি, প্রধানমন্ত্রীর আবাসন প্রকল্প, আম্ফান সহায়তা, কৃষক ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং ১০০ দিনের কর্মসূচিসহ একাধিক খাতে অনিয়ম পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদেরও ছাড় দেওয়া হবে না বলে তিনি সতর্ক করেন। একই সঙ্গে তিনি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন।
শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, রাজ্যে বিজেপি কর্মীরা রাজনৈতিক সহিংসতার শিকার হয়েছেন এবং ক্ষমতায় এলে তাদের পরিবারের সদস্যদের চাকরির ব্যবস্থা করা হবে বলেও প্রতিশ্রুতি দেন।
তিনি আরও দাবি করেন, সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সময় জনসংখ্যা গণনার কাজ দীর্ঘদিন আটকে রাখা হয়েছিল। পাশাপাশি সীমান্ত এলাকায় বিএসএফের কার্যক্রম ও জমি হস্তান্তরের বিষয়েও মন্তব্য করেন তিনি।
এদিকে ফলতা কেন্দ্রের পুনর্নির্বাচন ঘিরে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর প্রতিবেদনে ভোটের দিন ইভিএম জটিলতা ও অনিয়মের কথা উল্লেখ করা হয়েছে। কয়েকটি বুথে সিসি ক্যামেরা অকার্যকর থাকার অভিযোগও পাওয়া গেছে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়