দুই দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররি। রোববার (১৭ মে) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির।
কূটনৈতিক সূত্র ও সংশ্লিষ্টরা জানান, এ সফরে দুই দেশের মধ্যে শ্রমিক কল্যাণ, কর্মসংস্থান এবং বিনিয়োগ সহযোগিতা আরও জোরদার করার বিষয়টি গুরুত্ব পাবে।
বর্তমানে কাতারে প্রায় সাড়ে ৪ লাখ বাংলাদেশি প্রবাসী কর্মরত রয়েছেন। তাদের অধিকার, কর্মপরিবেশ ও নতুন কর্মসংস্থান সুযোগ নিয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, গত মার্চে দোহা সফরের সময় হুমায়ূন কবির কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। সেই ধারাবাহিকতা হিসেবে এবারের সফরকে গুরুত্বপূর্ণ বলে দেখা হচ্ছে।
ঢাকায় অবস্থানকালে কাতারের শ্রমমন্ত্রী সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি একটি যৌথ কমিটি বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে শ্রমবাজার, জনশক্তি রপ্তানি এবং প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনা হবে।
কাতার দূতাবাস জানিয়েছে, এই সফরের মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়