ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বিদেশে অবস্থানরত কিছু “ফ্যাসিস্ট” গোষ্ঠী স্বাস্থ্য খাতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
রোববার (১৭ মে) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— “হাম ও ডেঙ্গুরোগ নিয়ন্ত্রণে জনসচেতনতা ও প্রতিরোধই সর্বোত্তম পন্থা”।
মন্ত্রী জানান, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। এর অংশ হিসেবে মহাখালী ক্যানসার হাসপাতাল এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, হাম ও ডেঙ্গু নিয়ন্ত্রণে চিকিৎসার চেয়ে প্রতিরোধ ও জনসচেতনতা বেশি গুরুত্বপূর্ণ। তার ভাষায়, অপুষ্টি, মাতৃদুগ্ধের অভাব এবং সচেতনতার ঘাটতির কারণে শিশুরা বেশি হামে আক্রান্ত হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আগে ধারণা ছিল ছয় থেকে নয় মাস বয়স পর্যন্ত শিশুরা মায়ের দুধের মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা পায়, তবে এখন সেই বয়সের শিশুরাও আক্রান্ত হচ্ছে। এর প্রধান কারণ হিসেবে তিনি অপুষ্টি ও বুকের দুধ না পাওয়াকে উল্লেখ করেন।
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, অনেক মা নিজেই অপুষ্টিতে ভুগছেন, ফলে নবজাতকের প্রয়োজনীয় রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে না। অনেক শিশু জন্মের পর শালদুধ থেকেও বঞ্চিত হচ্ছে।
হামের জটিলতা নিয়ে তিনি বলেন, আক্রান্তদের বড় একটি অংশ পরবর্তীতে নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে এবং অনেক ক্ষেত্রে সেকেন্ডারি ইনফেকশনের কারণে মৃত্যুঝুঁকি বাড়ছে।
মন্ত্রী মনে করেন, মাতৃদুগ্ধ পান, পুষ্টিকর খাদ্য গ্রহণ, পরিচ্ছন্নতা, আইসোলেশন এবং সময়মতো টিকাদান নিশ্চিত করা গেলে হাম ও ডেঙ্গু—উভয় রোগই অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
অনুষ্ঠানে ড্যাব নেতৃবৃন্দ ও চিকিৎসকরা স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়