বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, দেশে হৃদরোগ বিষয়ে জনসচেতনতা তৈরিতে হার্ট ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, গণমানুষের কাছে হৃদরোগ সম্পর্কে সচেতনতা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি যেভাবে কাজ করেছে, অন্য কোনো প্রতিষ্ঠান সেভাবে পৌঁছাতে পারেনি।
রোববার (১৭ মে) বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে আয়োজিত এক গণমুখী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের প্রতিপাদ্য ছিল— “একসাথে রক্তচাপ নিয়ন্ত্রণ করি, নীরব ঘাতক জয় করি”।
নূরুল ইসলাম বলেন, বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। হৃদরোগ এখন বিশ্বের অন্যতম বড় ঘাতক ব্যাধিতে পরিণত হয়েছে।
তিনি বলেন, “একজন সুস্থ মানুষ হেঁটে যাচ্ছেন, মুহূর্তের মধ্যেই হার্ট অ্যাটাক হতে পারে। মানুষের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি হলো হার্ট।”
হৃদযন্ত্র সুস্থ রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হৃদযন্ত্র নিরবচ্ছিন্নভাবে কাজ করে যায়। তাই সুস্থ জীবনযাপনের জন্য হৃদযন্ত্রের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি।
বিশেষজ্ঞদের মতে, উচ্চ রক্তচাপ হৃদরোগ, স্ট্রোক, কিডনি রোগসহ বিভিন্ন জটিল রোগের অন্যতম প্রধান ঝুঁকির কারণ। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও চিকিৎসা সম্পর্কে জনগণ এবং চিকিৎসকদের মধ্যে তথ্য ছড়িয়ে দিতে প্রতি বছর ১৭ মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত হয়।
দিবসটি পালনে উদ্যোগ নেয় World Hypertension League এবং International Society of Hypertension।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়