যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা)।
বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণের এই পুণ্যতিথিতে বোধিবৃক্ষে জলসেচনসহ নানা মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করছেন পুণ্যার্থীরা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে বোমাং সার্কেল চিফ রাজা উচপ্রু চৌধুরীর নেতৃত্বে রাজবাড়ি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে শত শত নর-নারী ও উপাসক-উপাসিকারা ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে হাতে চন্দন জল, ফুল ও ধূপ নিয়ে অংশ নেন।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজগুরু কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমবেত ভক্তরা ধর্মীয় আচার পালন করেন এবং বিহারের পবিত্র বোধিবৃক্ষে চন্দন জল ও পুষ্প অর্পণ করেন। এ সময় পুণ্যার্থীরা পঞ্চশীল ও অষ্টাঙ্গশীল গ্রহণ করেন।
অনুষ্ঠানে ধর্মীয় দেশনা প্রদান করেন রাজগুরু কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত কেতু মহাথের। তিনি জগতের সকল প্রাণীর কল্যাণ, শান্তি ও দেশ-জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা পরিচালনা করেন।
বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ—এই ত্রি-স্মৃতিবিজড়িত দিনটি বিশ্বজুড়ে বৌদ্ধ সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ হিসেবে পালিত হয়ে আসছে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়