গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় তেল পাম্পগুলোতে মনগড়া নিয়মে পাম্প পরিচালনার অভিযোগ উঠেছে। সকাল ৯টার আগে তেল সরবরাহ না করায় চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও গণপরিবহনের চালকরা। সময়মতো কর্মস্থলে উপস্থিত হতে না পারায় অনেকেই বেতনের অংশ হারাচ্ছেন বলে অভিযোগ করেছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার বিভিন্ন পাম্প ঘুরে এমন চিত্র দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈরে মোট ১৭টি তেল পাম্প রয়েছে। দীর্ঘদিন ধরে এসব পাম্পে তেল সংকট চলছে। এ অবস্থায় সকালে অধিকাংশ পাম্প বন্ধ থাকায় কিছু পাম্পে তেল নিতে দীর্ঘ লাইন তৈরি হয়েছে।
পাম্প কর্তৃপক্ষ সকাল ৯টার আগে তেল সরবরাহ না করায় অফিসগামী মানুষ ও পরিবহন চালকদের ভোগান্তি বেড়েছে। উপজেলায় তিন শতাধিক শিল্পকারখানা থাকায় শ্রমিকদের সকাল ৮টার মধ্যেই কাজে যোগ দিতে হয়। ফলে অনেক শ্রমিককে ঘণ্টার পর ঘণ্টা মোটরবাইক নিয়ে পাম্পে অপেক্ষা করতে দেখা গেছে।
তেল নিতে আসা কয়েকজন চালক জানান, নির্ধারিত সময়ের মধ্যে কর্মস্থলে উপস্থিত না হতে পারলে হাজিরা খাতার ভিত্তিতে বেতন কাটা হয়। ফলে পাম্পে দেরি হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা।
এ বিষয়ে এক পাম্পের ব্যবস্থাপক জানান, রাতভর তেল সরবরাহ করতে হওয়ায় কর্মীরা বিশ্রামের জন্য সকাল ৯টার আগে তেল দেওয়া হয় না।
তবে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম ফখরুল হোসাইন বলেন, সকাল ৯টার আগে তেল সরবরাহ বন্ধ রাখার কোনো সরকারি নির্দেশনা নেই। এ ধরনের মনগড়া নিয়ম চালু করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।