গাজীপুরের শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মাওনা জেএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সামান্য বৃষ্টিতেই তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অপরিকল্পিত মাঠ ব্যবস্থাপনার কারণে সমস্যাটি দিন দিন আরও প্রকট হচ্ছে। নিচু হওয়ায় অল্প বৃষ্টিতেই পুরো মাঠ পানিতে তলিয়ে যায়, ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
শিক্ষার্থীরা জানায়, বৃষ্টির পর মাঠে হাঁটাচলা করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। কাদা ও পানির কারণে পড়ে গিয়ে আহত হওয়ার ঝুঁকি থাকে। এতে খেলাধুলা বন্ধ থাকছে এবং অনেক সময় শ্রেণিকক্ষে প্রবেশ করাও কষ্টকর হয়ে পড়ছে, বিশেষ করে ছোট শিশুদের জন্য এটি ঝুঁকিপূর্ণ।
শিক্ষকরা জানান, জলাবদ্ধতার কারণে পাঠদান ও নিয়মিত শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রধান শিক্ষক আয়েশা সিদ্দিকা বলেন, প্রায় চার বছর ধরে সামান্য বৃষ্টিতেই মাঠে পানি জমে যাচ্ছে। একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
তিনি মাঠে মাটি ভরাট, ড্রেনেজ ব্যবস্থা ও ওয়াকওয়ে নির্মাণের দাবি জানান।
বিদ্যালয় পরিচালনা পরিষদের অ্যাডহক কমিটির সভাপতি ও সহকারী শিক্ষা কর্মকর্তা মনির হোসেন জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং দ্রুত সমাধানের আশা করা হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরিন বলেন, জলাবদ্ধতা নিরসনে পৌরসভা ইতিমধ্যে মাটি ভরাট ও ড্রেনেজ ব্যবস্থার জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু করেছে। দ্রুত এর সুফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
এদিকে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নাহিদ ভূঁইয়া জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিভাবক ও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এমন অবস্থা গ্রহণযোগ্য নয়। তারা শিশুদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
নাবিহা সামারা নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, সামান্য বৃষ্টি হলেই মাঠে পানি জমে যায়, ফলে কাদা মাড়িয়ে ক্লাসে যেতে হয় এবং এতে কাপড় ভিজে যায় ও চলাচলে সমস্যা হয়।
স্থানীয়দের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে শিক্ষার্থীদের শিক্ষা ও শারীরিক বিকাশ মারাত্মকভাবে ব্যাহত হবে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়