
ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। দিল্লিতে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভকে কেন্দ্র করে শনিবার তাঁদের আটক করা হয়েছিল।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দেওয়া হয়। তাঁর সঙ্গে আটক করা তৃণমূল কংগ্রেসের অন্য নেতাকর্মীদেরও ছেড়ে দেয় দিল্লি পুলিশ।
অন্যদিকে, ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, অরবিন্দ কেজরিওয়ালকেও ছেড়ে দেওয়া হয়েছে। জাফরপুর কালান পুলিশ স্টেশন থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
আটকের বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন, দিল্লির যন্তর মন্তরের উদ্দেশে যাওয়ার পথে পুলিশ তাঁদের বাধা দেয়। পরে জোর করে প্রিজন ভ্যানে তুলে বিভিন্ন থানায় ঘোরানো হয়।
মমতার ভাষ্য, ওই সময় তাঁদের মনে হচ্ছিল, যেন তাঁদের অপহরণ করা হচ্ছে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা ও ইন্ডিয়ান এক্সপ্রেস