
সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০৯ জন।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে শনিবার (১০ অক্টোবর) এ তথ্য জানিয়েছে বিবিসি।
সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, বিমানবন্দরে হামলায় নিহত ১২ জনের মধ্যে সৌদি আরবের চারজন নাগরিক, বাংলাদেশের দুজন এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক রয়েছেন।
এর কয়েকদিন আগে রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছিল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের পর উপসাগরীয় অঞ্চলের কোনো আরব দেশে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা।
চলতি সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে হুতিদের ধারাবাহিক হামলার কারণে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পরিকল্পনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। রিয়াদকে আন্তর্জাতিক ভ্রমণ ও ব্যবসার গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করার পরিকল্পনা রয়েছে তার। হামলার কারণে আগামী কয়েক সপ্তাহে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আয়োজনও ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এদিকে ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে সৌদি নেতৃত্বাধীন বাহিনী। হুতিদের দাবি, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইয়েমেনে শত শত বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। এসব হামলায় শিশুসহ বহু বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলেও অভিযোগ করেছে গোষ্ঠীটি।
প্রায় দুই মাস ধরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে হামলা ও পাল্টা হামলা চলছে। এই সংঘাতে রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে হুতিরা অন্যতম প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।
সূত্র: বিবিসি