স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আশাবাদ ব্যক্ত করে বলেছেন, দেশে চলমান হাম পরিস্থিতি আগামী মে মাসের মধ্যেই পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। এ লক্ষ্যে সব শিশুকে দ্রুত টিকার আওতায় আনার কার্যক্রম জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর শ্যামলীতে অবস্থিত ২৫০ শয্যাবিশিষ্ট যক্ষ্মা হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশুকে হাম প্রতিরোধী টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ৬১ শতাংশ শিশুকে টিকা দেওয়া হয়েছে এবং কিছু এলাকায় শতভাগ কভারেজ অর্জিত হয়েছে। প্রথম ধাপে টিকাদান কার্যক্রম শুরু করা ৩০টি উপজেলায় বর্তমানে কোনো রোগী নেই বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, টিকা হাতে পাওয়ার পর নির্ধারিত সময়ের অপেক্ষা না করে দ্রুত কার্যক্রম শুরু করা হয়েছে। আগামী ৫ মে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও তা এগিয়ে এনে ২০ এপ্রিল থেকেই শুরু করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দীর্ঘ ছয় বছর শিশুদের হাম প্রতিরোধী টিকা দেওয়া হয়নি। সেই ঘাটতি পূরণে জরুরি ভিত্তিতে কার্যক্রম চালানো হচ্ছে। ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্বব্যাংক এবং যুক্তরাষ্ট্র-এর সহযোগিতা না পেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শুক্রবার থেকে বিশ্ববিদ্যালয় মাঠে অস্থায়ী তাঁবু স্থাপন শুরু হবে। রোগীর সংখ্যা যাতে না বাড়ে, সে লক্ষ্যে চিকিৎসার পাশাপাশি প্রতিরোধ ব্যবস্থাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনগুলোকে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়