বিশ্বের অন্যতম ব্যস্ত ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ইরান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ABC News।
ইরান জানিয়েছে, নিরাপত্তা ও নৌ চলাচল-সংক্রান্ত উদ্বেগের কারণে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবহনের সঙ্গে সম্পৃক্ত এই প্রণালী সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সময়ে সেখানে সামরিক মহড়া পরিচালিত হওয়ায় নিরাপত্তা ঝুঁকি বেড়েছে বলেও দাবি করেছে তেহরান।
তবে বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এই পদক্ষেপ কেবল নিরাপত্তাজনিত নয়; বরং এটি যুক্তরাষ্ট্রের উদ্দেশে একটি কৌশলগত বার্তা। কারণ, সম্প্রতি যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে সামরিক উপস্থিতি জোরদার করেছে এবং আলোচনায় সমঝোতা না হলে ইরানের ওপর হামলার হুমকিও দিয়েছে।
এ বিষয়ে George Washington University-এর মধ্যপ্রাচ্য অধ্যয়ন কর্মসূচির পরিচালক Sina Azodi বলেন, “যেদিন তারা আমেরিকানদের সঙ্গে আলোচনা করছে, সেদিনই এই ঘটনা ঘটছে—এটা কাকতালীয় বলে আমি মনে করি না।”
তিনি আরও বলেন, “ইরান বহু দশক ধরে নিজেকে পারস্য উপসাগরের নিয়ন্ত্রক শক্তি হিসেবে তুলে ধরতে চেয়েছে। প্রণালী বন্ধের মাধ্যমে তারা মূলত এই বার্তাই দিয়েছে যে, সেখানে নিয়ন্ত্রণ কার হাতে।”
উল্লেখ্য, আরব সাগর ও পারস্য উপসাগরকে যুক্ত করা হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট। প্রতিদিন বিশ্বে পরিবাহিত মোট তেল ও তরল গ্যাসের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়েই যাতায়াত করে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়