বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ Makalu (৮,৪৮৫ মিটার) জয় করে ইতিহাস গড়েছেন। বাংলাদেশ সময় শনিবার (২ মে) ভোর ৫টা ৪৫ মিনিটে তিনি এই শৃঙ্গে আরোহণ করেন। এর মাধ্যমে প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু জয়ের কৃতিত্ব অর্জন করলেন তিনি।
নেপালের Mahalangur Himalaya অঞ্চলে অবস্থিত এই দুর্গম পর্বতে বাবরের অভিযানের আয়োজন করে পর্বতারোহণ ক্লাব ‘Vertical Dreamers’। ক্লাবটির সভাপতি Farhan Zaman নেপালের আউটফিটার ‘Makalu Adventure’-এর স্বত্বাধিকারী মোহন লামসালের বরাতে এই সাফল্যের তথ্য নিশ্চিত করেন।
‘গ্রেট ব্ল্যাক ওয়ান’ নামেও পরিচিত মাকালু জয়ের লক্ষ্যে বাবর আলী গত ৭ এপ্রিল দেশ ত্যাগ করেন। ৯ এপ্রিল তিনি নেপালের টুমলিংটার পৌঁছে সেখান থেকে গাড়িতে সেদুয়া গ্রামে যান। পরে দীর্ঘ ট্রেক শেষে ১৮ এপ্রিল উচ্চতর বেজক্যাম্পে পৌঁছান।
উচ্চতার সঙ্গে শরীর মানিয়ে নিতে তিনি ধাপে ধাপে ক্যাম্প-১ ও ক্যাম্প-২-এ অবস্থান করেন এবং প্রায় ৭ হাজার মিটার উচ্চতা স্পর্শ করে পুনরায় বেজক্যাম্পে ফিরে আসেন। এরপর ২৭ এপ্রিল দ্বিতীয় দফায় অভিযানে উঠে আবারও প্রস্তুতি নেন চূড়ান্ত আরোহনের জন্য।
৩০ এপ্রিল অনুকূল আবহাওয়া পেয়ে তিনি আবার অভিযানে নামেন। সেদিন ৬,৬০০ মিটার উচ্চতার ক্যাম্প-২ এবং পরদিন ৭,৪০০ মিটার উচ্চতার ক্যাম্প-৩-এ পৌঁছান। সেখান থেকেই রাতের অন্ধকারে শুরু হয় চূড়ান্ত আরোহন।
প্রায় ১,১০০ মিটার খাড়া ও বিপজ্জনক পথ অতিক্রম করে শেষ পর্যন্ত ভোরে মাকালুর চূড়ায় পৌঁছান তিনি।
অভিযান-ব্যবস্থাপক ফরহান জামান জানান, বাবর আলী নিরাপদে নেমে আসছেন এবং তিনি শিগগিরই বেজক্যাম্পে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়