1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

সকালে ঘুম থেকে উঠেই মাথাব্যথা? কারণ, সতর্কতা ও প্রতিকার

লাইফ স্টাইল ডেস্ক
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

সাধারণত সকালে ঘুম থেকে উঠে শরীর সতেজ থাকার কথা। কিন্তু অনেকেই দিনের শুরুতেই তীব্র মাথাব্যথা নিয়ে ঘুম ভাঙার অভিজ্ঞতার মুখোমুখি হন। এর ফলে সারাদিন কাজে মনোযোগ কমে যায়, মেজাজ খিটখিটে হয়ে ওঠে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।

বিশেষজ্ঞদের মতে, সকালের এই মাথাব্যথাকে হালকাভাবে নেওয়া ঠিক নয়। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর রেসিডেন্ট চিকিৎসক ডা. আফসানা হক নয়ন জানান, “সকালের মাথাব্যথা অনেক সময় ঘুমের ব্যাঘাত, পানিশূন্যতা বা হরমোনজনিত সমস্যার লক্ষণ হতে পারে। এটি নিয়মিত হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।”

সকালের মাথাব্যথার সাধারণ কারণ

১. ঘুমের ব্যাঘাত ও অনিয়ম
রাতে পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন ঘুম না হলে মস্তিষ্ক পুরোপুরি বিশ্রাম পায় না। স্লিপ অ্যাপনিয়া, অনিদ্রা বা রেস্টলেস লেগ সিন্ড্রোম-এর মতো সমস্যার কারণে ঘুমের মান খারাপ হয় এবং সকালে মাথাব্যথা দেখা দিতে পারে। এতে মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি তৈরি হয়, যা ব্যথার অন্যতম কারণ।

২. পানিশূন্যতা
রাতে দীর্ঘ সময় পানি না খাওয়ার কারণে শরীরে পানির ঘাটতি তৈরি হয়। ঘাম ও শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে পানি হারানোর ফলে সকালে মাথাব্যথা হতে পারে।

৩. দাঁত পিষে ঘুমানো (ব্রুক্সিজম)
ঘুমের মধ্যে দাঁত চেপে ধরা বা পিষে যাওয়ার অভ্যাস (ব্রুক্সিজম) চোয়াল ও মাথার পেশিতে চাপ সৃষ্টি করে। ফলে ঘুম থেকে উঠেই মাথায় ব্যথা অনুভূত হয়।

৪. হরমোনের ভারসাম্যহীনতা
নারীদের ক্ষেত্রে মাসিক, গর্ভাবস্থা বা মেনোপজের সময় হরমোনের ওঠানামা মাথাব্যথার কারণ হতে পারে। এছাড়া থাইরয়েড রোগ থাকলেও এ সমস্যা দেখা দেয়।

৫. খাদ্যাভ্যাস
রাতে অতিরিক্ত চা-কফি পান, অ্যালকোহল গ্রহণ বা প্রক্রিয়াজাত খাবার খেলে সকালে মাথাব্যথা হতে পারে।

৬. পরিবেশগত কারণ
ঋতু পরিবর্তন, বায়ুচাপের তারতম্য বা অ্যালার্জেনের সংস্পর্শও সকালের মাথাব্যথা বাড়াতে পারে।

কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন

মাথাব্যথা যদি নিয়মিত হয়, তীব্র আকার ধারণ করে বা এর সঙ্গে জ্বর, বমি কিংবা দৃষ্টিসমস্যা দেখা দেয়—তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বিশেষ করে ৫০ বছরের বেশি বয়সে নতুন করে মাথাব্যথা শুরু হলে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত।

প্রতিরোধ ও করণীয়

  • সারাদিন পর্যাপ্ত পানি পান করুন, বিশেষ করে ঘুমানোর আগে এক গ্লাস পানি খাওয়ার অভ্যাস করুন।
  • প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমাতে যাওয়া ও জাগার অভ্যাস গড়ে তুলুন।
  • ঘুমানোর আগে মোবাইল বা স্ক্রিন ব্যবহারের সময় কমান।
  • নিয়মিত গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, মেডিটেশন বা যোগব্যায়াম করুন।
  • ব্রুক্সিজম থাকলে ডেন্টাল মাউথগার্ড ব্যবহার করতে পারেন।
  • প্রতিদিন হাঁটা, সাইকেল চালানো বা সাঁতারের মতো শারীরিক ব্যায়াম করুন।

সকালের মাথাব্যথা অনেক সময় সামান্য কারণে হলেও, তা নিয়মিত হলে বড় কোনো শারীরিক সমস্যার ইঙ্গিত হতে পারে। তাই লক্ষণগুলো অবহেলা না করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াই বুদ্ধিমানের কাজ।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!