
মানবজীবনে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মতো জৈবিক চাহিদাও গুরুত্বপূর্ণ। এসব চাহিদা পূরণ এবং পারিবারিক ও সামাজিক জীবনে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য ইসলাম বিয়ের বিধান দিয়েছে। বিয়ে মানবজাতির একটি চিরায়ত ও স্বাভাবিক প্রথা। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘আমি প্রতিটি বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, যাতে তোমরা উপদেশ গ্রহণ কর।’ (সুরা আয-যারিয়াত, আয়াত: ৪৯)
ইসলাম সামর্থ্যবান ব্যক্তিদের যথাসময়ে বিয়ের প্রতি উৎসাহিত করেছে। এ প্রসঙ্গে মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘হে যুবসমাজ! তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্য রাখে, তারা যেন বিয়ে করে। কেননা, বিয়ে দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে।’ (সহিহ বুখারি, হাদিস: ৫০৬৬)
বিয়ে নবী-রাসুলদের সুন্নত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘বিয়ে আমার সুন্নত। যে আমার সুন্নত অনুযায়ী আমল করে না, সে আমার দলভুক্ত নয়। তোমরা বিয়ে করো। কারণ, আমি উম্মতের সংখ্যা নিয়ে কিয়ামতের দিন গর্ব করব।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৮৪৬)
তবে ইসলাম বিয়ের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু বিধিনিষেধও আরোপ করেছে। পবিত্র কোরআনের সুরা আন-নিসার ২৩ ও ২৪ নম্বর আয়াতে যেসব নারীর সঙ্গে বিয়ে নিষিদ্ধ, সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা রয়েছে। ইসলামী বিধান অনুযায়ী যেসব সম্পর্কের কারণে কোনো নারীকে বিয়ে করা হারাম, সেগুলো হলো—
১. মা ও ঊর্ধ্বতন নারী: নিজের মা, দাদি, নানি এবং তাঁদের ঊর্ধ্বতন বংশধর নারীদের বিয়ে করা নিষিদ্ধ।
২. বাবার স্ত্রী: বাবার স্ত্রী বা সৎমাকে বিয়ে করা হারাম। বাবা মারা গেলে কিংবা স্ত্রীকে তালাক দিলেও এ বিধান বহাল থাকে।
৩. মেয়ে ও অধস্তন বংশধর: নিজের মেয়ে, ছেলের মেয়ে, মেয়ের মেয়ে এবং তাঁদের অধস্তন প্রজন্মের কন্যাসন্তানদের বিয়ে করা নিষিদ্ধ।
৪. বোন: সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয়—সব ধরনের বোনকে বিয়ে করা হারাম।
৫. ফুফু: বাবার সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোন অর্থাৎ সব ধরনের ফুফুকে বিয়ে করা নিষিদ্ধ।
৬. স্ত্রীর কন্যা ও শাশুড়ি: যে স্ত্রীর সঙ্গে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়েছে, তাঁর আগের স্বামীর ঔরসজাত কন্যা এবং পরবর্তী স্বামীর ঔরসজাত কন্যাকে বিয়ে করা যাবে না। একইভাবে স্ত্রীর মা, নানি ও দাদিকেও বিয়ে করা হারাম। স্ত্রীর মাকে বিয়ে করা দাম্পত্য সম্পর্ক স্থাপনের ওপর নির্ভরশীল নয়।
৭. খালা: মায়ের সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোন অর্থাৎ সব ধরনের খালাকে বিয়ে করা নিষিদ্ধ।
৮. ভাতিজি: নিজের সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় ভাইয়ের মেয়ে এবং তাঁদের অধস্তন বংশধর নারীদের বিয়ে করা হারাম।
৯. ভাগ্নি: নিজের সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোনের মেয়ে এবং তাঁদের অধস্তন বংশধর নারীদের বিয়ে করা নিষিদ্ধ।
১০. দুধসম্পর্কের কন্যা ও অধস্তন নারী: দুধসম্পর্কের মাধ্যমে কন্যা হিসেবে প্রতিষ্ঠিত নারী, দুধসম্পর্কের নাতনি এবং এ সম্পর্কের অধস্তন বংশধর নারীদের বিয়ে করা নিষিদ্ধ।
১১. দুধমা ও তাঁর ঊর্ধ্বতন নারী: যিনি শিশুকে দুধ পান করিয়েছেন, সেই দুধমা এবং তাঁর দিকের নানি, দাদি ও ঊর্ধ্বতন নারীদের বিয়ে করা হারাম। একইভাবে দুধমায়ের বোনদেরও বিয়ে করা নিষিদ্ধ।
১২. দুধবোন ও দুধসম্পর্কের ভাতিজি-ভাগ্নি: দুধবোন, দুধভাইয়ের মেয়ে, দুধবোনের মেয়ে এবং তাঁদের অধস্তন বংশধর নারীদের বিয়ে করা নিষিদ্ধ। ইসলামে নির্ধারিত শর্ত পূরণ হলে দুধসম্পর্কও রক্তসম্পর্কের মতো বিয়ের ক্ষেত্রে নিষিদ্ধ সম্পর্ক সৃষ্টি করে।
১৩. ছেলের স্ত্রী: নিজের ঔরসজাত ছেলের স্ত্রীকে বিয়ে করা হারাম। ছেলের সঙ্গে বিবাহবিচ্ছেদ হলেও কিংবা ছেলে মারা গেলেও এ নিষেধাজ্ঞা বহাল থাকে।
১৪. একই সময়ে নিষিদ্ধ সম্পর্কের দুই নারীকে বিয়ে: এমন দুই নারীকে একই সময়ে স্ত্রী হিসেবে রাখা যাবে না, যাঁদের একজনকে পুরুষ হিসেবে কল্পনা করলে অন্যজনকে বিয়ে করা বৈধ হতো না। যেমন— দুই বোনকে একসঙ্গে বিয়ে করা, স্ত্রী জীবিত ও বৈবাহিক সম্পর্কে থাকা অবস্থায় তাঁর বোনকে বিয়ে করা কিংবা স্ত্রী ও তাঁর ফুফু বা খালাকে একই সময়ে স্ত্রী হিসেবে রাখা।
ইসলামের নির্দেশনা ও সতর্কতা
বিয়ের ক্ষেত্রে এসব নিষেধাজ্ঞা পারিবারিক সম্পর্কের পবিত্রতা, সামাজিক শৃঙ্খলা এবং মানবিক মূল্যবোধ রক্ষার গুরুত্বপূর্ণ বিধান। তবে দুধসম্পর্ক, বৈবাহিক সম্পর্ক ও অন্যান্য জটিল ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত ও মাজহাবভেদে কিছু বিধান বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। তাই কোনো বিশেষ পরিস্থিতিতে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ আলেম বা মুফতির পরামর্শ নেওয়া উচিত।