
সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে হামজা চৌধুরীর দল।
বুধবার রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ও নিয়ন্ত্রিত ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। অধিনায়ক হামজা চৌধুরীর নেতৃত্বে মাঠে নেমে শুরুতেই প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি করে দলটি।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। ডান প্রান্ত থেকে হামজা চৌধুরীর বাড়ানো ক্রস শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন। বক্সে থাকা সামিত সোম প্রথম দফায় শট নিলে তা শ্রীলঙ্কার এক ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে। ফিরতি বল পেয়ে দ্বিতীয় প্রচেষ্টায় জালে পাঠান তিনি। এতে উচ্ছ্বাসে মেতে ওঠে গ্যালারির দর্শকরা।
প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হামজা চৌধুরী। ৪৪তম মিনিটে বাঁ প্রান্ত দিয়ে একক প্রচেষ্টায় শ্রীলঙ্কার রক্ষণভাগে ঢুকে দুর্দান্ত ড্রিবলিংয়ে এক ডিফেন্ডারকে পরাস্ত করেন তিনি। এরপর নেওয়া জোরালো শট শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরার হাঁটুতে লেগে জালে জড়িয়ে যায়। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পরও আক্রমণের ধার কমায়নি বাংলাদেশ। ৫২তম মিনিটে ফারহান দুর্দান্ত এক গোল করে ব্যবধান ৩-০ করেন। ম্যাচের শেষ দিকে ৮৭তম মিনিটে লঙ্কান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে চতুর্থ গোলটি করেন রাকিব হোসেন। প্রতিপক্ষের এক খেলোয়াড়কে পেছনে ফেলে তাঁর নিখুঁত ফিনিশিংয়ে নিশ্চিত হয় বাংলাদেশের বড় জয়।
এই জয়ের ফলে গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামী ১৪ নভেম্বর রাত ৮টায় পাকিস্তানের মুখোমুখি হবে দলটি। একই দিন দুপুরে অনুষ্ঠিত হবে অন্য সেমিফাইনাল, যেখানে ভারতের প্রতিপক্ষ ভুটান।