
রাজধানী ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ৪২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্প এলাকায় নিরাপত্তা জোরদারে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকার মিরপুর, সাভার, হেমায়েতপুর এবং আশুলিয়ার ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া এলাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় দায়িত্ব পালন করছেন ১৫ প্লাটুন বিজিবি সদস্য।
অন্যদিকে নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় মোতায়েন করা হয়েছে আরও ৭ প্লাটুন বিজিবি।
এদিকে মাঠপর্যায়ের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং দ্রুত সমন্বয় নিশ্চিত করতে বিজিবি সদর দপ্তরের সেন্ট্রাল মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি কার্যক্রম চালানো হচ্ছে।
এ কার্যক্রমের আওতায় ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিওচিত্র পর্যবেক্ষণ করা হচ্ছে। কোথাও বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হলে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার লক্ষ্যেই এ নজরদারি জোরদার করা হয়েছে।