দেশব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক ও সুশৃঙ্খল করতে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাশ বিডি’ অ্যাপের পাইলটিং কার্যক্রম সম্প্রসারণ করেছে সরকার। এখন থেকে রাজধানীর বাইরে দেশের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ জেলার নিবন্ধিত মোটরসাইকেল এই ডিজিটাল ব্যবস্থার আওতায় আসতে পারবে।
শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
মন্ত্রণালয়ের তথ্যমতে, ঢাকা ও ঢাকা মেট্রো এলাকার পাশাপাশি এখন চাঁদপুর, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী এবং ময়মনসিংহ জেলার নিবন্ধিত মোটরসাইকেলগুলো ‘ফুয়েল পাশ বিডি’ সিস্টেমে নিবন্ধনের সুযোগ পাবে। এসব জেলার মেট্রো এলাকাগুলোও এর আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
একই সঙ্গে ঢাকা জেলার ১৮টি পেট্রোল পাম্পে আজ থেকেই এই পাইলটিং কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এতে বাস্তব প্রয়োগের মাধ্যমে সিস্টেমের কার্যকারিতা যাচাই করা সম্ভব হবে।
এর আগে গত ৯ এপ্রিল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাশ বিডি’ অ্যাপ চালু করে। প্রাথমিকভাবে এটি শুধুমাত্র মোটরসাইকেল মালিক ও চালকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত পাম্পগুলোতে সফলভাবে পাইলটিং সম্পন্ন হলে পর্যায়ক্রমে এই অ্যাপ দেশের সব জেলার সব ধরনের যানবাহনের জন্য বাধ্যতামূলক ও উন্মুক্ত করা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, এই ডিজিটাল উদ্যোগ বাস্তবায়িত হলে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা নিশ্চিত হবে, অনিয়ম কমবে এবং তদারকি কার্যক্রম আরও সহজ ও কার্যকর হবে।
সব মিলিয়ে, ‘ফুয়েল পাশ বিডি’ অ্যাপ দেশের জ্বালানি ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর নতুন যুগের সূচনা করতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।