1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর: ‘ই-বেইল বন্ড’ উদ্বোধনে গুরুত্ব, উন্নয়ন ঘোষণার প্রত্যাশা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

বগুড়ায় একদিনের সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সকালে সড়কপথে তিনি বগুড়ায় পৌঁছাবেন। তার এই সফরকে ঘিরে উত্তরবঙ্গজুড়ে বইছে উৎসবের আমেজ, তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

সফরসূচি অনুযায়ী, সকালে বগুড়া সার্কিট হাউজে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী সরাসরি আদালত প্রাঙ্গণে যাবেন। সেখানে আইনজীবীদের জন্য নবনির্মিত আধুনিক বার ভবনের উদ্বোধন করবেন তিনি। এরপর জেলা ও দায়রা জজ আদালতের কনফারেন্স রুমে দেশের প্রথম ‘ই-বেইল বন্ড’ (ইলেকট্রনিক জামিননামা) ব্যবস্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বগুড়া থেকেই পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই ডিজিটাল জামিন প্রক্রিয়া পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণ করা হবে। বিচার বিভাগের ডিজিটালাইজেশনের অংশ হিসেবে ‘ই-বেইল বন্ড’ কার্যক্রমকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বর্তমানে প্রচলিত পদ্ধতিতে জামিননামা দাখিল ও কারামুক্তির প্রক্রিয়ায় সাধারণ মানুষকে নানা ধরনের ভোগান্তির মুখোমুখি হতে হয়। সময়ক্ষেপণ, জটিলতা এবং কিছু ক্ষেত্রে জালিয়াতির অভিযোগও রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ডিজিটাল পদ্ধতি চালু হলে এসব সমস্যার অনেকটাই দূর হবে।

বগুড়া জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. নুরুল মুবীন বলেন, ‘ডিজিটাল পদ্ধতিতে জামিননামা যাচাই ও বাস্তবায়ন হলে বন্দিদের স্বজনদের ভোগান্তি অনেক কমে যাবে। পাশাপাশি জামিন জালিয়াতি প্রতিরোধ করা সহজ হবে এবং দালাল চক্রের প্রভাবও কমবে।’

অন্যদিকে, বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল বাসেদ জানান, প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে। যদিও মূল অনুষ্ঠান প্রায় ৩০ মিনিটের, তবুও দিনটিকে স্মরণীয় করে রাখতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে স্থানীয়দের প্রত্যাশাও অনেক। জানা গেছে, তিনি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ, বগুড়াকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা এবং খাল খনন কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ঘোষণা দিতে পারেন।

সব মিলিয়ে, বগুড়ায় প্রধানমন্ত্রীর এই সফর শুধু আনুষ্ঠানিক কর্মসূচিতে সীমাবদ্ধ নয়; বরং এটি উত্তরাঞ্চলের উন্নয়ন, বিচার ব্যবস্থার আধুনিকীকরণ এবং জনসেবার মানোন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!