আগামী ২১ এপ্রিল মঙ্গলবার থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল পরীক্ষা। এ পরীক্ষাকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলায় দেখা গেছে এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ।
পরীক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে সরাসরি তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন শ্রীপুর উপজেলা বিআরডিবি অফিসার ও তখলপুর হাতেম আলী মিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান তুহিন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের কলম, খাতা ও পেনসিল উপহার দিয়ে তাদের অনুপ্রাণিত করছেন।
সোমবার (১৯ এপ্রিল) রাতে শ্রীপুর সদর ইউনিয়নের তখলপুর গ্রামসহ কল্যানপুর ও কচুয়া এলাকার কয়েকজন দাখিল পরীক্ষার্থীর বাড়িতে আকস্মিকভাবে উপস্থিত হন তিনি। সেখানে প্রায় প্রতিটি বাড়িতে আধা ঘণ্টার মতো সময় ব্যয় করে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং পড়াশোনার বিভিন্ন দিক নিয়ে পরামর্শ দেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের কীভাবে পরীক্ষায় ভালো ফলাফল করা যায়, সে বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। একই সঙ্গে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করে তাদের সন্তানের প্রস্তুতির বিষয়েও খোঁজ নেন।
এই উদ্যোগের সময় তখলপুর হাতেম আলী মিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক নজরুল ইসলামও উপস্থিত ছিলেন।
মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, “আমি চেষ্টা করছি পরীক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নিতে। সরাসরি তাদের বাড়িতে গিয়ে প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে জানছি এবং প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। আশা করি, এতে তারা পড়াশোনায় আরও মনোযোগী ও আত্মবিশ্বাসী হবে।”
তার এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। তারা মনে করছেন, এ ধরনের ব্যক্তিগত তদারকি ও উৎসাহ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বহুগুণ বাড়িয়ে দেবে এবং ভালো ফলাফল অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়