কুমিল্লা নগরীর ইসলামপুর এলাকায় চুরির উদ্দেশ্যে একটি বাসায় ঢুকতে গিয়ে জানালার গ্রিলের ফাঁকে আটকে পড়েছেন এক যুবক। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
জানা গেছে, রোববার (১০ মে) দুপুরে সদর দক্ষিণ উপজেলার বাসিন্দা মো. মারজান হোসেন জিহাদ (২২) নগরীর ইসলামপুর এলাকায় মোহাম্মদ আলীর মালিকানাধীন একটি ভবনের নিচতলায় প্রবেশের চেষ্টা করেন। এ সময় জানালার গ্রিলের ফাঁক দিয়ে ভেতরে ঢোকার সময় তার শরীর আটকে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি দীর্ঘ সময় গ্রিলের মধ্যে আটকে ছিলেন এবং বের হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আটকে পড়া ওই যুবক উদ্ধার চেয়ে আশপাশের লোকজনকে ডাকছেন। ভিডিওটি প্রকাশের পর ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়।
এ বিষয়ে Cumilla Kotwali Model Police Station-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, রোববার রাতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় ফৌজদারি মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সোমবার সকালে ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুরো ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যায়।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়