বাংলাদেশের ফ্যাশন শিল্পে নতুন মাত্রা যোগ করতে রাজধানী ঢাকায় প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে “Dhaka Modest Fashion Expo (DMFE)”। মডেস্ট ফ্যাশন ও হালাল লাইফস্টাইলভিত্তিক এই আয়োজন আগামী ১৫ ও ১৬ মে অনুষ্ঠিত হবে। আয়োজকরা বলছেন, এই এক্সপো বাংলাদেশের ফ্যাশন খাতকে আন্তর্জাতিক বাজারে পরিচিত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, রাজধানীর Radisson Blu Dhaka Water Garden-এ অনুষ্ঠিতব্য এ এক্সপোতে দেশি-বিদেশি ডিজাইনার, ব্র্যান্ড, উদ্যোক্তা, কনটেন্ট ক্রিয়েটর ও ফ্যাশনপ্রেমীরা অংশ নেবেন। এতে থাকবে রানওয়ে শো, ব্র্যান্ড প্রদর্শনী, নেটওয়ার্কিং সেশন এবং আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন আয়োজন।
DMFE কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশে মডেস্ট ফ্যাশনের ক্রমবর্ধমান বাজারকে কেন্দ্র করে এই আয়োজন করা হচ্ছে। বিশেষ করে তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র-মাঝারি ফ্যাশন ব্র্যান্ডগুলোর জন্য এটি নতুন সুযোগ তৈরি করবে। আয়োজকদের দাবি, এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশীয় ব্র্যান্ডগুলো আন্তর্জাতিক ক্রেতা ও বিনিয়োগকারীদের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ পাবে।
এদিকে, আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে The Daily Star। পাশাপাশি ইন্দোনেশিয়ার Integrated Media Marketing (IMM) এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (BSCIC)-এর সঙ্গে অংশীদারিত্বের কথাও জানিয়েছে DMFE। আয়োজকদের মতে, এসব সহযোগিতা বাংলাদেশের মডেস্ট ফ্যাশন শিল্পকে বৈশ্বিক পর্যায়ে পরিচিত করতে সহায়তা করবে।
বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে মডেস্ট ফ্যাশনের বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশেও এ খাতকে সম্ভাবনাময় শিল্প হিসেবে দেখা হচ্ছে। আয়োজকরা আশা করছেন, DMFE ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় মডেস্ট ফ্যাশন প্ল্যাটফর্মে পরিণত হবে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়