হবিগঞ্জের আজমিরীগঞ্জে একটি অনলাইন সংবাদ পোর্টালের কার্যালয়কে কেন্দ্র করে ইয়াবা ব্যবসা পরিচালনার অভিযোগে কথিত তিন সাংবাদিকসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আরও একজনকে আসামি করা হলেও তিনি পলাতক রয়েছেন।
বুধবার (১৩ মে) সকালে আটক পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ পৌর এলাকার গরুবাজারে অবস্থিত ‘কালনী নিউজ ২৪’ কার্যালয়ে অভিযান চালায় থানা পুলিশ। এ সময় ইয়াবা বিক্রির সময় পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।
আটকদের কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক সেবনের সরঞ্জাম এবং ইয়াবা বিক্রির নগদ ৬ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— লালন পারভেজ (৩৫), জুমন মোড়ল (৪০), দিলোয়ার হোসেন (৩৫), আলমগীর মিয়া (৩৮) ও মাহফুজ মিয়া (৩৩)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আজমিরীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিনের ছেলে মারুফ মিয়া এই চক্রের অন্যতম সক্রিয় সদস্য। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয়ের আড়ালে ওই কার্যালয়ে নিয়মিত মাদক কেনাবেচা ও সেবনের আসর বসত। প্রভাবশালী মহলের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাননি বলেও দাবি তাদের।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, পুলিশের অভিযানের পর এলাকায় স্বস্তি ফিরেছে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।”
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়