মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। বাংলাদেশ সময় শুক্রবার রাতে ওমানের সালালাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিহতদের স্বজনরা জানিয়েছেন।
নিহতরা হলেন—ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সিলোনিয়া এলাকার সাকিবুল হাসান সবুজ, তাঁর মা বিলকিস আক্তার এবং সাকিবের বোনজামাই দিদারুল আলম।
নিহত সাকিবের চাচা জানে আলম গণমাধ্যমকে জানান, সাকিব আট–নয় বছর আগে জীবিকার তাগিদে ওমানে পাড়ি জমান। তাঁর বাবা শফিউল আলমও দীর্ঘদিন ধরে দেশটিতে কর্মরত। পুরো পরিবার ওমানের রাজধানী মাস্কাটে বসবাস করছিল।
তিনি আরও জানান, বুধবার পরিবারের সদস্যদের নিয়ে মাজার জিয়ারতের উদ্দেশ্যে তাঁরা সালালাহ যান। শুক্রবার মাস্কাটে ফেরার পথে সড়কে একটি উটের সঙ্গে তাঁদের গাড়ির সংঘর্ষ হয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান সাকিব, তাঁর মা বিলকিস আক্তার ও দিদারুল আলম। গাড়িতে থাকা সাকিবের স্ত্রী ও তাঁদের শিশু সন্তান গুরুতর আহত হন। তাঁদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানে আলম আরও জানান, নিহতদের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়