খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে নির্জন জঙ্গলে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় রবিন হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে ভিকটিমের মায়ের করা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। আটক রবিন হোসেন উপজেলার তিনটহরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে তিনটহরীর মধ্যমপাড়া এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওই ছাত্রীকে জোরপূর্বক তুলে নেওয়া হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনটহরী মধ্যমপাড়ার চিতাখোলা সংলগ্ন জঙ্গলে নিয়ে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ভিকটিমকে চড়-থাপ্পড় ও ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে। এ ঘটনায় সিএনজিচালক মো. জোনায়েদকে দ্বিতীয় আসামি করা হয়েছে। অভিযুক্ত জোনায়েদ পলাতক রয়েছেন।
মানিকছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, ভিকটিমের মায়ের অভিযোগের ভিত্তিতে প্রধান আসামি রবিন হোসেনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহারযোগ্য নহে