বিশ্বজুড়ে স্থিতিশীলতা রক্ষা, নিরাপত্তা সহযোগিতা এবং ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে আয়োজিত ‘ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম অন পিস অ্যান্ড সিকিউরিটি’-তে অংশ নিতে সেনেগাল গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, শনিবার (১৮ এপ্রিল) তিনি ঢাকা ত্যাগ করেন। আগামী ১৯ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সেনেগালের রাজধানী ডাকারে এই উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
২০১৪ সালে যাত্রা শুরু করা ‘ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম’ আফ্রিকা মহাদেশসহ বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা বিষয়ক আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত। এখানে বিভিন্ন দেশের শীর্ষ নেতা, নীতিনির্ধারক, প্রতিরক্ষা বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়ে নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন জরুরি ইস্যুতে মতবিনিময় করেন।
ফোরামের আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে সন্ত্রাসবাদ, উগ্রবাদ দমন, সমুদ্র নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং আন্তঃরাষ্ট্রীয় অপরাধ মোকাবিলা। আয়োজকদের লক্ষ্য হলো আফ্রিকায় নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণ এবং আন্তর্জাতিক সহযোগিতা ও সংলাপ আরও জোরদার করা।
ফোরামের মূল অধিবেশনের পাশাপাশি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠক ও পার্শ্ব আলোচনায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এসব বৈঠকে তিনি বিশ্বশান্তি রক্ষা, বহুপাক্ষিক কূটনীতি এবং আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতায় বাংলাদেশের অবস্থান ও অঙ্গীকার তুলে ধরবেন।
সফর শেষে আগামী ২৪ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়