বাংলাদেশের হজ কার্যক্রমের প্রথম ফ্লাইট সৌদি আরবে সফলভাবে অবতরণ করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩০০১ ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে।
শনিবার (১৮ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফ্লাইটটিতে মোট ৪১৯ জন হজযাত্রী ছিলেন।
বিমানবন্দরে পৌঁছানোর পর বাংলাদেশি হজযাত্রীদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। একই সঙ্গে তাদের হাতে রিফ্রেশমেন্ট কিট তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন এবং হজ কাউন্সিলর মো. কামরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, সহকারী মৌসুমি হজ অফিসার মো. রুহুল আমিন, জেদ্দা হজ টার্মিনালের হেড অব অপারেশন ইহাহিয়া রাদি এবং সৌদি হজ সেবাদানকারী প্রতিষ্ঠান নুসুক মারহাবার ম্যানেজার রায়েদ বাকশাউন।
এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ হজ ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনের পর রাত ১২টা ২০ মিনিটে বিজি ৩০০১ ফ্লাইটটি ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করে। দীর্ঘ যাত্রা শেষে ফ্লাইটটি নিরাপদে সৌদি আরবে পৌঁছায়, যা এবারের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ধাপে ধাপে অন্যান্য হজ ফ্লাইটও সৌদি আরবের উদ্দেশে রওনা দেবে এবং হজযাত্রীদের সুষ্ঠু ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।