
আল্লাহর স্মরণ বা জিকির মুমিনের প্রতিদিনের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। পবিত্র কোরআনে দিনের বিভিন্ন সময়ে মহান আল্লাহর পবিত্রতা ও প্রশংসা ঘোষণার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রাসুলুল্লাহ (সা.)-এর হাদিসে সকাল ও সন্ধ্যায় নির্দিষ্ট কিছু জিকির পাঠের বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে।
তবে সকাল-সন্ধ্যার মাসনুন জিকির পাঠের সঠিক সময় নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন রয়েছে। সকালের জিকির কি ফজরের ওয়াক্ত শুরু হলেই পড়া যায়, নাকি ফজরের নামাজের পর পড়া উত্তম? একইভাবে সন্ধ্যার জিকির আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত পড়তে হবে, নাকি মাগরিবের পরও পড়ার সুযোগ রয়েছে?
ইসলামি স্কলারদের ব্যাখ্যা এবং কোরআন-হাদিসের আলোকে এ বিষয়ে রয়েছে সুস্পষ্ট দিকনির্দেশনা।
সকালের জিকিরের উত্তম সময়
সুবহে সাদিক বা ভোরের আলো ফুটলে ফজরের নামাজের ওয়াক্ত শুরু হয়। এ সময় থেকেই সাধারণ দোয়া ও জিকির করা যায়। তবে সকালের মাসনুন আজকার পাঠের উত্তম সময় হলো ফজরের নামাজ আদায়ের পর থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত।
পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগে আপনার প্রতিপালকের প্রশংসাসহ তাঁর পবিত্রতা ঘোষণা করুন।’ (সুরা কাফ, আয়াত: ৩৯)
অন্য আয়াতে আল্লাহ তায়ালা বলেন, ‘আর আপনি সকাল-সন্ধ্যায় আপনার প্রতিপালকের নাম স্মরণ করুন।’ (সুরা ইনসান, আয়াত: ২৫)
এসব আয়াতে সকাল ও সন্ধ্যায় আল্লাহর জিকিরের গুরুত্ব তুলে ধরা হয়েছে। তাই ফজরের নামাজের পর সকালের মাসনুন আজকার পাঠ করা উত্তম। তবে কোনো কারণে নির্ধারিত সময়ে পড়তে না পারলে পরবর্তী সময়েও জিকির ও দোয়া করা যায়।
সন্ধ্যার জিকিরের উত্তম সময়
সন্ধ্যার মাসনুন আজকার পাঠের উত্তম সময় হলো আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত। এ সময় মহান আল্লাহর পবিত্রতা ও প্রশংসা ঘোষণার বিষয়ে পবিত্র কোরআনে নির্দেশনা রয়েছে।
আল্লাহ তায়ালা বলেন, ‘তারা যা বলে, তাতে আপনি ধৈর্য ধারণ করুন এবং সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের আগে আপনার প্রতিপালকের প্রশংসাসহ তাঁর পবিত্রতা ঘোষণা করুন।’ (সুরা ত্বহা, আয়াত: ১৩০)
এ কারণে আসরের নামাজের পর সন্ধ্যার মাসনুন আজকার পাঠ করা উত্তম। তবে কোনো কারণে এ সময়ে পড়তে না পারলে মাগরিবের পরও জিকির ও দোয়া করা যাবে।
সকাল-সন্ধ্যার জিকিরের বিশেষ ফজিলত
সকাল ও সন্ধ্যায় আল্লাহর জিকির করার বিশেষ ফজিলত রয়েছে। সহিহ মুসলিমে হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, কেয়ামতের দিন তার চেয়ে উত্তম আমল নিয়ে কেউ উপস্থিত হতে পারবে না। তবে সেই ব্যক্তি ছাড়া, যে তার মতোই পাঠ করেছে অথবা তার চেয়ে বেশি পাঠ করেছে।’ (গিজাউল আলবাব ফি শারহি মানজুমাতিল আদাব: ২/৩৬৯)
তাই দৈনন্দিন ব্যস্ততার মধ্যেও প্রত্যেক মুমিনের উচিত সকাল ও সন্ধ্যায় কিছু সময় আল্লাহর স্মরণের জন্য নির্ধারিত রাখা। নির্ধারিত সময়ে মাসনুন আজকার পাঠের অভ্যাস গড়ে তোলার পাশাপাশি দিনের অন্যান্য সময়েও জিকির ও দোয়ায় নিজেকে সম্পৃক্ত রাখা উচিত। এতে আল্লাহর নৈকট্য লাভের পাশাপাশি জীবনে প্রশান্তি ও কল্যাণ অর্জনের সুযোগ তৈরি হয়।