1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কালিয়াকৈরে অনুমোদনহীন মসলা কারখানায় অভিযান, ৮০ হাজার টাকা জরিমানা সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ মুগদায় পিডিবির অফিসার্স কোয়ার্টারের সামনে ককটেল বিস্ফোরণ ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল, চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত প্রত্যাহার সেনবাগে ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন যুব সমাজ কল্যাণ সংগঠনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রীয় সহযোগিতা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন জীবনযাত্রার ব্যয় ও সামরিক খরচ বৃদ্ধির প্রতিবাদে ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ ‘থানা পুড়িয়ে দিলে পুলিশ কীভাবে কাজ করবে’, গোপালগঞ্জবাসীর সহযোগিতা চাইলেন আইজিপি শিক্ষার্থীদের নিরাপত্তায় ২২ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ

জীবনযাত্রার ব্যয় ও সামরিক খরচ বৃদ্ধির প্রতিবাদে ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, সামরিক খাতে অতিরিক্ত বরাদ্দ এবং জলবায়ু সংকটসহ বিভিন্ন ইস্যুতে ক্ষোভ প্রকাশ করে ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ করেছেন তরুণরা। শুক্রবার (২০ নভেম্বর) ইতালি, জার্মানি, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে এসব বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, রাজনৈতিক নেতারা তরুণ প্রজন্মের উদ্বেগ, প্রত্যাশা ও ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না। সরকারগুলোর ওপর চাপ সৃষ্টি করে এসব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতেই তাঁরা রাজপথে নেমেছেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের বিভিন্ন শহরে মিছিল ও সমাবেশ করেন বিক্ষোভকারীরা। এ সময় তাঁদের হাতে ‘আমাদের ভবিষ্যতের জন্য লড়াই করো’সহ বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। কোথাও কোথাও আতশবাজি জ্বালানোর পাশাপাশি ট্যাংকের প্রতীকী কার্ডবোর্ডের মডেলে আগুন দেন তাঁরা।

৫০টির বেশি সংগঠনের সমন্বয়ে গঠিত একটি যুব জোট এসব কর্মসূচির আয়োজন করে। দেশভেদে দাবির মধ্যে কিছুটা ভিন্নতা থাকলেও গাজায় ইসরায়েলের যুদ্ধ, বাড়িভাড়া বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠানের অব্যবস্থাপনা, কর্মসংস্থানের সংকট ও জলবায়ু পরিস্থিতি ছিল বিক্ষোভের অন্যতম বিষয়।

বিক্ষোভকারীদের দাবি, ইউরোপের সরকারগুলো ভূরাজনৈতিক সংকট মোকাবিলা এবং বড় ব্যবসাপ্রতিষ্ঠানকে সহায়তা করতে বেশি মনোযোগ দিচ্ছে। অথচ তরুণদের কল্যাণে শিক্ষা, কর্মসংস্থান ও আবাসন খাতে প্রয়োজনীয় বিনিয়োগ করা হচ্ছে না।

ইতালির মিলানে বিক্ষোভে অংশ নেওয়া ১৮ বছর বয়সী শিক্ষার্থী অলিভিয়া ফেরারি এএফপিকে বলেন, রাজপথে নেমে তরুণরা তাঁদের কর্মস্পৃহা ও দৃঢ় সংকল্প প্রকাশ করছেন। সরকার তাঁদের কথা না শুনলে নীরব থাকার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। মিলানে অনুষ্ঠিত বিক্ষোভে কয়েক দশ হাজার মানুষ অংশ নেন।

সুইজারল্যান্ডে বিক্ষোভের আয়োজকদের দাবি, দেশজুড়ে এসব কর্মসূচিতে ৪০ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছেন। লুজান শহরের একটি ব্যানারে লেখা ছিল, ‘ব্যয় সংকোচন নীতি একধরনের সামাজিক সহিংসতা।’ অধিকাংশ কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হলেও কয়েকটি স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা কিস্টোন-এটিএস।

জার্মানির রাজধানী বার্লিনে প্রায় এক হাজার বিশ্ববিদ্যালয় ও স্কুলশিক্ষার্থী বিক্ষোভ করেন। দেশটির দ্রুত সামরিক শক্তি বৃদ্ধি এবং বাধ্যতামূলক সামরিক নিয়োগ পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তাঁরা। ১৮ বছর বয়সী শিক্ষার্থী হেলেনা কোসাটজ এএফপিকে বলেন, কাউকে যুদ্ধ ও মানুষ হত্যার প্রশিক্ষণ নিতে বাধ্য করা এবং পরে যুদ্ধে পাঠানো কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

রাশিয়ার ক্রমবর্ধমান হুমকির মুখে ইউরোপের বিভিন্ন দেশ সামরিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। তবে বিক্ষোভকারীদের দাবি, সামরিক খাতে বরাদ্দ বাড়ানোর পরিবর্তে শিক্ষা, তরুণদের উন্নয়নমূলক কর্মসূচি ও আবাসন খাতে অর্থ ব্যয় করা উচিত।

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পার্লামেন্ট ভবনের সামনে এবং ট্রাফালগার স্কয়ারে কয়েক শ বিক্ষোভকারী জড়ো হন। তাঁদের অনেকের পরনে ছিল স্কুলের পোশাক। প্ল্যাকার্ডে লেখা ছিল ‘উচ্চশিক্ষা বাঁচাও’ এবং ‘তাদের যুদ্ধ নয়, আমাদের ভবিষ্যতের জন্য লড়াই করো’।

কলেজ থেকে ছুটি নিয়ে বিক্ষোভে অংশ নেওয়া ১৮ বছর বয়সী এলিজ এএফপিকে বলেন, ভবিষ্যৎ নিয়ে তিনি অনেকটাই আশা হারিয়ে ফেলেছেন। অর্থের সংকট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে চাকরির সুযোগ কমে যাওয়ার আশঙ্কা তরুণদের মধ্যে হতাশা বাড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

লন্ডনে ডানপন্থী ও ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এ সময় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। বিক্ষোভে ফিলিস্তিনের পক্ষে স্লোগান শোনা যায় এবং ইউরোপের বিভিন্ন দেশের কর্মসূচিতেও ফিলিস্তিনের পতাকা দেখা গেছে।

ইতালির রাজধানী রোমে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, যুদ্ধ ও সরকারি নীতির প্রতিবাদে মিছিল করেন। তাঁদের একটি ব্যানারে লেখা ছিল, ‘কেউ আমাদের স্বাধীনতা না দিলে আমরা তা আদায় করে নেব।’ রোমেও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।

অন্যদিকে, স্পেনের রাজধানী মাদ্রিদে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি সামরিক ব্যয় বৃদ্ধির বিরোধিতা করেন বিক্ষোভকারীরা। ১৬ বছর বয়সী স্কুলশিক্ষার্থী গ্যাব্রিয়েলা হিমেনো সেরানো জানান, তাঁদের একটি শ্রেণিকক্ষে ৩৩ জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক রয়েছেন মাত্র একজন। শ্রেণিকক্ষের স্বল্পতা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো ও সুযোগ-সুবিধার দুরবস্থার কথাও তুলে ধরেন তিনি।

ইউরোপের বিভিন্ন দেশে সপ্তাহান্তেও বিক্ষোভ অব্যাহত থাকার কথা রয়েছে। এ লক্ষ্যে শ্রমিক সংগঠন এবং আবাসন অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো নতুন কর্মসূচি ঘোষণা করেছে।

ফ্রান্সের ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের বার্ষিকীর কাছাকাছি সময়ে ইউরোপজুড়ে এসব বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। ২০১৮ ও ২০১৯ সালে ওই আন্দোলন ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সরকারকে চাপে ফেলেছিল। শনিবার ফ্রান্সেও নতুন করে বিক্ষোভের কর্মসূচি রয়েছে।

গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে শিক্ষার পরিবেশ উন্নত করার দাবিতে স্কুলশিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে ফ্রান্সে বিক্ষোভ শুরু হয়। পরে তা মূল্যবৃদ্ধি, অপর্যাপ্ত সরকারি সেবা এবং পুলিশের নির্যাতনের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে রূপ নেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page