
ইসলামের প্রাথমিক যুগে মুসলমানদের কবর জিয়ারত থেকে বিরত রাখা হয়েছিল। তখন জাহেলি যুগের কিছু ভ্রান্ত বিশ্বাস ও আচরণ দূর করার উদ্দেশ্যে এই বিধিনিষেধ ছিল। পরবর্তীতে এসব বিশ্বাস দূর হলে কবর জিয়ারতের অনুমতি প্রদান করা হয়। রাসুলুল্লাহ (সা.) বলেন, “আমি তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন থেকে কবর জিয়ারত করো। কেননা এটি দুনিয়াবিমুখতা সৃষ্টি করে এবং আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয়।” (ইবনে মাজাহ: ১৫৭১)
ইসলামি শরিয়তে কবর জিয়ারতের জন্য নির্দিষ্ট কোনো দিন বা সময় নির্ধারিত নেই। যেকোনো দিন ও যেকোনো সময় কবর জিয়ারত করা যায়। তবে বিভিন্ন বর্ণনায় জুমার দিনে কবর জিয়ারতকে বিশেষ ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে। নিয়মিত কবর জিয়ারত ও মৃতদের জন্য দোয়া করা মুসলমানের জন্য নেক আমল হিসেবে বিবেচিত।
কবর জিয়ারতের মূল উদ্দেশ্য হলো মৃত্যু ও আখেরাতকে স্মরণ করা এবং মৃতদের জন্য দোয়া করা। কবরস্থানে প্রবেশের সময় সালাম দিতে হয়— “আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর” বলে কবরবাসীদের জন্য শান্তি কামনা করা সুন্নত।
রাসুলুল্লাহ (সা.) বিভিন্ন সময় কবর জিয়ারতে গিয়ে মৃতদের জন্য দোয়া করেছেন। সহিহ মুসলিমে বর্ণিত আছে— “আসসালামু আলাইকুম দারা কাওমিম মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লা হিকুন।” (মুসলিম: ২৪৯)
অন্য বর্ণনায় এসেছে— “আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম…” (তিরমিজি: ১০৫৩)
কবর জিয়ারতের সময় মৃতদের জন্য দোয়া, কোরআন তিলাওয়াত, দরুদ শরিফ পাঠ এবং সকল মৃত মুসলমানের জন্য ক্ষমা প্রার্থনা করা উত্তম আমল। বিশেষভাবে সুরা ফাতিহা, ইখলাস, ইয়াসিন, মূলক ও অন্যান্য সুরা তিলাওয়াত করা যায়।
কবর জিয়ারতের সময় অযথা বিলাপ বা হা-হুতাশ করা ইসলাম সমর্থন করে না। বরং ধৈর্য, দোয়া এবং আখেরাতের স্মরণই মূল শিক্ষা।
ইসলাম কবরস্থানকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কবরের প্রতি সম্মান প্রদর্শনের নির্দেশ দেয়। কবরের ওপর দিয়ে চলাচল বা অবমাননা করা নিষিদ্ধ।
ফিকহি দৃষ্টিকোণ থেকে কবর জিয়ারত দিন বা রাত কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়। যেকোনো সময় জিয়ারত করা বৈধ।
সার্বিকভাবে কবর জিয়ারত মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক আমল, যা মৃত্যু স্মরণ, আত্মশুদ্ধি এবং আখেরাতের প্রস্তুতিতে সহায়ক।