
ভারত ও পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি বেসামরিক নাগরিক নিহত ও একজন আহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসলামাবাদ।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার কাসুরের কাছে বেদিয়ান সেক্টরে এ ঘটনা ঘটে। শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ঘটনায় ইসলামাবাদে নিযুক্ত ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, বিএসএফ সদস্যরা নিরস্ত্র বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে বিনা উসকানিতে প্রাণঘাতী শক্তি প্রয়োগ করেছে। তাদের ভাষ্য, এ ধরনের বলপ্রয়োগ ছিল অযৌক্তিক ও অসামঞ্জস্যপূর্ণ এবং এর ফলে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, নিহতদের ‘অনুপ্রবেশকারী’ হিসেবে উপস্থাপনের যেকোনো প্রচেষ্টা পাকিস্তান প্রত্যাখ্যান করে। একই সঙ্গে ভারতীয় পক্ষকে ঘটনাটির অবিলম্বে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত করার আহ্বান জানানো হয়েছে। দায়ীদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ও আইনি ব্যবস্থা নিয়ে পাকিস্তানকে অবহিত করারও দাবি জানিয়েছে ইসলামাবাদ।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত দুজন সীমান্তবর্তী লাধার গ্রামের বাসিন্দা। তারা একটি সীমান্ত পিলারের দিকে এগিয়ে গেলে বিএসএফ সদস্যরা কোনো সতর্কতা ছাড়াই গুলি চালান বলে পাকিস্তানের নিরাপত্তা ও সরকারি সূত্রের দাবি।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ডন জানিয়েছে, হতাহত তিনজনই নিরস্ত্র ছিলেন এবং তারা কেউ সীমান্তের বেড়া অতিক্রমের চেষ্টা করেননি। পাকিস্তানের সরকারি সূত্রে নিহত দুজনের নাম আজমত রাসুল ও মোহসিন জাট বলে জানানো হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তবে ঘটনাটি নিয়ে ভারতীয় পক্ষের বক্তব্য ভিন্ন বলে জানিয়েছে আল জাজিরা। তাদের প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যমে নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ঘটনাটিকে অনুপ্রবেশের চেষ্টা হিসেবে বর্ণনা করার কথা বলা হয়েছে।
এ ঘটনায় ভারতের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো সরকারি মন্তব্য পাওয়া যায়নি। ফলে সীমান্তে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে দুই দেশের বক্তব্যে ভিন্নতা রয়েছে।