গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদ ভবনে পৃথকভাবে এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকগুলোতে প্রতিনিধিরা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে নিজ নিজ সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানান।
সাক্ষাৎকারী প্রতিনিধিদের মধ্যে ছিলেন তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচি, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা এবং শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী ড. নালিন্দা জয়াতিষা।
সাক্ষাৎকালে প্রতিনিধিরা তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে, তার নেতৃত্বে বাংলাদেশ শান্তি, স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রযাত্রায় আরও দ্রুতগতিতে এগিয়ে যাবে। একই সঙ্গে আঞ্চলিক সহযোগিতা জোরদার ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগত প্রতিনিধিদের ধন্যবাদ জানান এবং বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক আরও শক্তিশালী করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়